নাটকীয় এক মৌসুম শেষে শুক্রবার রাতে ক্যাগলিয়ারির বিপক্ষে ২-০ গোলের দাপুটে জয়ে সিরি আ শিরোপা নিশ্চিত করেছে নাপোলি। ম্যাচে গোল করেন স্কট ম্যাকটমিনে ও রোমেলু লুকাকু। লিগে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর শেষ ম্যাচে এসে ইন্টার মিলানকে ১ পয়েন্টে পেছনে ফেলে কাঙ্ক্ষিত সাফল্য পেলো ম্যারাডোনার নাপোলি।

এর আগে আর্জেন্টাইন কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনার কাঁধে ভর দিয়ে দুইবার লিগ শিরোপা জিতেছিল নাপোলি।
তার নামেই রাখা ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনা স্টেডিয়াম শুক্রবার পরিণত হয় উৎসবমুখর এক নাট্যমঞ্চে।
ভিন্ন সমীকরণ সামনে নিয়ে একই সময়ে কোমোর বিপক্ষে অপর এক মাঠে নেমেছিল শিরোপাপ্রত্যাশী ইন্টার মিলান। তাদের দরকার ছিলো জয়ের পাশাপাশি নাপোলির ড্র প্রত্যাশা। ইন্টার নিজেদের কাজ ঠিকঠাক করলেও, একই ব্যবধানে জয় পায় নাপোলি।

এর ফলে শেষ পর্যন্ত নাপোলির হাতেই উঠে শিরোপা। সিরি আ টেবিলে ৩৮ ম্যাচ শেষে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে নাপোলি। সমান ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে রানার্সআপ ইন্টার মিলান। ওই জয়ের মাধ্যমে গত তিন মৌসুমে দ্বিতীয়বার এবং মোট চতুর্থবারের মতো ইতালিয়ান চ্যাম্পিয়ন হলো নাপোলি। একই সময়ে ম্যাচ হওয়ায় ভক্তদের নজর থাকে আলাদা দুই ম্যাচের উপর।
শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে নাপোলি। জিয়াকোমো রাসপাদোরির শট অল্পের জন্য পোস্ট ছাড়িয়ে যায়। এরপর আন্দ্রে ফ্রাঙ্ক জাম্বো আঙ্গুইসার হেড লক্ষ্যভ্রষ্ট হলে হতাশা বাড়ে। ম্যাচের ২০তম মিনিটে কোমোতে ইন্টারের গোলের খবরে কিছুটা চাপে পড়ে যায় গ্যালারি।
এতে কিছু সময়ের জন্য টেবিলের শীর্ষস্থানে ছিল গতবারের চ্যাম্পিয়নরা।
তবে বিরতির ঠিক আগেই দুর্দান্ত বাইসাইকেল কিকে নাপোলিকে এগিয়ে দেন ম্যাকটমিনে। প্রথমার্ধের ৪২তম মিনিটে মাতেও পোলিতানোর দুর্দান্ত ক্রস থেকে বাইসাইকেল কিকে চমৎকার গোল করেন এই স্কটিশ ফরোয়ার্ড। গোলে বল জড়ানো মাত্রই গর্জে ওঠে গ্যালারি, রঙিন হয়ে ওঠে স্টেডিয়াম।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ান রোমেলু লুকাকু। ম্যাচের ৫১তম মিনিটে আমির রাহমানির লম্বা বল ধরে ঠান্ডা মাথায় বল জালে পাঠান এই বেলজিয়ান স্ট্রাইকার। এতেই নিশ্চিত হয়ে যায় ডিয়াগো ম্যারাডোনার শহর হিসেবে পরিচিত নাপোলিতেই ফেরত আসছে শিরোপা।
শেষ বাঁশি বাজার আগেই গোটা স্টেডিয়াম ঢেকে যায় ফ্লেয়ার ও রঙিন ধোঁয়ায়। আর খেলা শেষ হতেই আতশবাজির ঝলকে আলোকিত হয়ে ওঠে নাপোলির আকাশ।
এই জয়ে ইতিহাস গড়লেন নাপোলি কোচ আন্তোনিও কন্তে। জুভেন্টাস ও ইন্টারের পর নাপোলি, তিনটি আলাদা ক্লাবের হয়ে সিরি আ শিরোপা জিতেছেন তিনি।




