শেরপুরের ঝিনাইগাতীতে ১৩২ বোতল ভারতীয় মদ জব্দ করেছে শেরপুরের গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। ১৯ জানুয়ারি রবিবার ভোরে উপজেলার তিনানী বাজার থেকে পিকআপ ভ্যানসহ ওই মদ জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ডিবি পুলিশ সুত্রে জানা যায়, পিকআপ ভ্যানে করে ভারত থেকে চোরাই পথে ভারতীয় মদ পাচারের গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর সাড়ে ৪টার দিকে ডিবি পুলিশের এসআই মোরশেদ আলমের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের তিনানী বাজারে সড়কে গাছ ফেলে রাস্তা বেড়িকেড দিয়ে পিকআপ ভ্যান আটক করে। রাস্তায় বেড়িকেড ও পুলিশের উপস্তিতি বুঝতে পেরে চালক গাড়ি ফেলে রেখে পালিয়ে যায়।
ওইসময় ১৩২ বোতল ভারতীয় মদসহ পিকআপ ভ্যানটি জব্দ করে ডিবি পুলিশ। উদ্ধারকৃত মাদকের বাজার মূল্য ১ লাখ ৭৬ হাজার টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর ডিবি পুলিশের পরিদর্শক মো. সালেমুজ্জামান বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক নির্মূলে ডিবি পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




