শেরপুরের শ্রীবরদী উপজেলায় গড়ে উঠা অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। ১০ জুন সোমবার জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিনব্যাপী ওই অভিযান চালানো হয়।

অভিযানকালে শ্রীবরদী উপজেলার মেসার্স ফাতেমা ব্রিকসের কিলন ও চিমনি ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয় এবং আল-আমিন ব্রিকস-২ কে ১ লাখ টাকা জরিমানা করে নগদ আদায় করা হয়। সেইসাথে ওই দুই ইটভাটার সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার এসএম আল-আমীন এবং জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস। ওইসময় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নূর কুতুবে আলম সিদ্দিক জানান, জেলার সকল অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে। এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।




