‘বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নানা আয়োজনে শেরপুরে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষে ১ জুন শনিবার সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’ (এলডিডিপি) এবং বাংলাদেশ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সহযোগিতায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

বর্ণাঢ্য র্যালি শেষে জেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য মো. ছানুয়ার হোসেন ছানু।
জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আকরামুল হোসেন পিপিএম-সেবা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রেজওয়ানুল হক ভূঁইয়া।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দুধ ও দুগ্ধজাত পণ্যের গুরুত্ব বিশ্বের মানুষের কাছে তুলে ধরা এবং দুধ উৎপাদনের ব্যাপারে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি করে ডেইরি শিল্পের প্রসার ঘটানোর লক্ষ্যে বিশ্বব্যাপী দিবসটি উদযাপন করা হয়। দুধ ও দুগ্ধজাত খাবার শিশুদের মস্তিষ্ক গঠনে সহায়তা করে। দুগ্ধজাত খাবার, যেমন পনির ও দই আদর্শগতভাবে স্বাস্থ্যকর এজিং প্রোডাক্ট হিসাবে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা (২০১৫) অনুযায়ী, স্বাস্থ্যকর এজিং হলো কার্যকর ক্ষমতার বিকাশ এবং সুস্বাস্থ্য বজায় রাখার প্রক্রিয়া, যা বার্ধক্যে সুস্থ থাকতে সাহায্য করে। দুগ্ধজাত দ্রব্য বয়স্কদের জন্য পুষ্টি সরবরাহ করে, পেশির স্বাস্থ্য বজায় রাখে এবং বার্ধক্যজনিত পেশি ও হাড়ক্ষয় প্রতিরোধে সহায়তা করে। তাই দুগ্ধজাত খাদ্য বয়স্ক জনগোষ্ঠীর জন্য অতি প্রয়োজনীয় খাবার হিসাবে বিবেচিত।
অনুষ্ঠানে জেলা প্রশাসন, জেলা প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তাগণসহ গণমাধ্যমকর্মী ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।




