আগের দিনের ১০২ রানে ৬ উইকেটে নিয়ে আজ চতুর্থ দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। আজ আর ৫৫ রান তুলে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে সফরকারীরা। ফলে চতুর্থ ইনিংসে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৫১১ রান। এই লক্ষ্য তাড়ায় এরমধ্যে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।

মধ্যাহৃভোজের বিরতির পর যাওয়ার আগে ২ উইকেট হারিয়ে ৭৭ রান তুলেছে স্বাগতিকরা। শান্ত ১৪ রানে ও মমিনুল ১৫ রান নিয়ে ব্যাটিং করছেন। সাজঘরে ফিরে গেছেন দুই ওপেনার মাহমুদুল হক জয় ও জাকির হাসান।
এর আগে গতকাল দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। এক পর্যায়ে ৭৮ রানে পাঁচ উইকেট হারায় তারা। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৫৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে শ্রীলঙ্কা। সর্বোচ্চ ৫৬ রান এসেছে অভিজ্ঞ ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুজের ব্যাট থেকে। আজ শ্রীলঙ্কা শুধু তাঁর উইকেটই হারিয়েছে। সাকিব আল হাসানের বলে বোল্ড হয়ে ফেরেন ম্যাথুজ। তবে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সফল বোলার অভিষিক্ত পেসার হাসান মাহমুদ। চার উইকেট নিয়েছেন তিনি।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও প্রথম ইনিংসের লিডই শ্রীলঙ্কাকে এগিয়ে রেখেছিল। সে যাই হোক, সিলেটে প্রথম টেস্টে দুই ইনিংস ও চট্টগ্রামে প্রথম ইনিংস-একবারও শ্রীলঙ্কার বোলারদের সামনে লড়াই করতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। দেখা যাক, দ্বিতীয় ইনিংসে কতদূর যেতে পারেন তাঁরা।




