শেরপুরের নালিতাবাড়ীতে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে। ১৯ মার্চ মঙ্গলবার দুপুরে জেলা শাখার আহ্বায়ক সারোয়ার জাহান তপন ও সদস্য সচিব নুরুজ্জামান আকন্দ তপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।

তিন বছর মেয়াদী কমিটিতে হাজি নুরুল হক নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজের অধ্যক্ষ লুৎফর রহমানকে সভাপতি ও তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম খোকনকে সাধারণ সম্পাদক করে ৪৪ সদস্য বিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।
স্বাশিপ সূত্রে জানা যায়, নালিতাবাড়ী উপজেলায় বা উপজেলা থেকে বিভিন্ন স্থানে শিক্ষকতা পেশায় কর্মরত বেসরকারী কিন্ডারগার্ডেন, সরকারী প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বা কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে কর্মরতরা এ সংগঠনের সদস্য হয়েছেন।

এর আগে, গত ৮ মার্চ উপজেলা অডিটোরিয়ামে স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে স্বাশিপ কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মঙ্গলবার দুপুরে জেলা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত এই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।




