শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ বিনোদন কেন্দ্রের মাঝখানের রাস্তাগুলো সংস্কার সম্প্রসারণের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে দেশের বিভিন্ন স্থান থেকে আগত ভ্রমণবিলাসীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

জানা গেছে, দীর্ঘ প্রায় এক যুগ পূর্বে রাস্তাগুলো নির্মাণ করা হয়। এরপর রাস্তাগুলো আর সংস্কার করা হয়নি। বর্তমানে রাস্তাগুলো খানাখন্দের সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তাগুলো সংস্কারের অভাবে ভ্রমণপিপাসুদের দুর্ভোগ পোহানোর পাশাপাশি সৌন্দর্য হারাতে বসেছে গজনী পর্যটন কেন্দ্রের। সামান্য ঝড় বৃষ্টি হলেই বিনোদন কেন্দ্রের নিচের রাস্তায় হাটু পানি জমে থাকে। কাঁদা পানিতে একাকার হয়ে যায়। ওইসময় পর্যটক ও ব্যবসায়ীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
বিনোদন কেন্দ্রের ব্যবসায়ী মো. ফজল হক, হামিদুর রহমান, সরাফত আলীসহ অন্যান্য ব্যবসায়ীরা অবকাশ বিনোদন কেন্দ্রের রাস্তাগুলো জরুরি ভিত্তিতে সংস্কারের দাবি জানিয়েছেন।

পর্যটন কেন্দ্রের ঠিকাদার ফরিদ আহমেদ বলেন, রাস্তাগুলো সংস্কারের অভাবে সৌন্দর্য হারাতে বসেছে গজনী পর্যটন কেন্দ্রের। তাই তিনি জরুরি ভিত্তিতে রাস্তাগুলো সংস্কারের দাবি জানান।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া বলেন, রাস্তাগুলো সংস্কারের ব্যাপারে পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। পর্যটন মৌসুমের শেষের দিকে রাস্তার কাজগুলো সংস্কার করা হবে।




