দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ পাওয়ার শেরপুরের অপর দুটি আসনে যখন ভোটের আমেজ জমে উঠার পাশাপাশি বাড়ছে উত্তাপ, ঠিক তখন ভোটের হাওয়া একেবারেই নিরুত্তাপ শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে। এ আসনে প্রতিদ্বন্দ্বী ৩ প্রার্থীর মধ্যে অনেকটা একাই ভোটের মাঠে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী। বিজয়ের বিষয়ে মতিয়া চৌধুরী ও তার দল পুরোপুরি নির্ভার হয়েও ভোটার উপস্থিতিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে কাজ করছেন। এ আসনের অপর ২ প্রার্থীর এলাকায় যেমন নেই অবস্থান, তেমনি নেই তাদের প্রচার-প্রচারণা- এমন চিত্রই উঠে এসেছে শ্যামলবাংলা২৪ডটকম’র পর্যবেক্ষণে।

জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, শেরপুর-২ আসন নকলা ও নালিতাবাড়ী উপজেলার ২১টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার ৪ লাখ ১২ হাজার ৩১০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২ হাজার ৩৯ জন ও নারী ভোটার ২ লাখ ১০ হাজার ২৭১ জন। এ আসনে আওয়ামী লীগ ও জাসদ মনোনীত প্রার্থীসহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা মাত্র ৩ জন। তারা হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী (নৌকা), জাসদ মনোনীত প্রার্থী লাল মোহাম্মদ শাজাহান (মশাল) ও স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মোহাম্মদ সাঈদ আঙ্গুর (ঈগল)।
বেগম মতিয়া চৌধুরী এ আসন থেকে ৫ দফায় নির্বাচিত সংসদ সদস্য। তিনি শেখ হাসিনা সরকারের ২ মেয়াদে কৃষিমন্ত্রী থাকায় এবং দলের একজন সিনিয়র ও প্রভাবশালী নেতা হওয়ার সুবাদে নাকুগাঁও স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দরে রূপান্তরিত করার পাশাপাশি এলাকার উন্নয়ন করেছেন নজরকাড়া। এখন বয়সের ভারে অনেকটাই দুর্বল হয়ে পড়েছেন এ জাতীয় নেতা। কিন্তু এবারের নির্বাচনে এ আসনে দলের যেমন স্বতন্ত্র বা বিদ্রোহী কোন প্রার্থী নেই, তেমনি তার সাথে ভোটে লড়ার মতো অবস্থাসম্পন্ন কোন প্রার্থীও নেই মাঠে। যদিও এ আসনে দলীয় মনোনয়ন পেতে একাধিক হেভিওয়েট প্রার্থী জোর লবিং এ ছিলেন। কিন্তু শেষটায় তাদের কেউ অপর দুটি আসনের মতো স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী হয়ে বসেননি।

এছাড়া জাসদ প্রার্থী পেশায় একজন মফস্বল সাংবাদিক এবং একমাত্র স্বতন্ত্র প্রার্থী একজন উদ্যোক্তা-ব্যবসায়ী ও অরাজনৈতিক ব্যক্তি। তদুপরি ভোটের মাঠে নেই তাদের কোন প্রভাব। এখানে ভোটের হাওয়াও একেবারেই নিরুত্তাপ।
ফলে মতিয়া চৌধুরী রয়েছেন নির্ভার, তার বিজয় সময়ের ব্যাপার মাত্র। তবে কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়ানোটাই এ আসনে আওয়ামী লীগের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আর সে অনুযায়ীই কাজ করছেন আওয়ামী লীগের প্রার্থী ও দলের নেতাকর্মীরা।

























