শেরপুরের ঝিনাইগাতীতে কলেজের পরিত্যক্ত ভবন থেকে মজনু মিয়া নামে এক অটোরিকশা চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

১৯ ডিসেম্বর মঙ্গলবার সকালে ঝিনাইগাতী আলহাজ্ব শফি উদ্দিন আহাম্মাদ কলেজের পরিত্যক্ত বিজ্ঞান ভবনের ৪ নম্বর কক্ষ থেকে ওই লাশ উদ্ধার করা হয়। মজনু মিয়া উপজেলার বন্দভাটপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, মজনু মিয়া পেশায় একজন অটোরিকশা চালক। দীর্ঘদিন আগে তার প্রথম স্ত্রী মারা গেলে পরবর্তীতে তিনি আরেকটি বিয়ে করেন। কিন্তু সেই বিয়েটিও বিচ্ছেদ হয়ে গেলে তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েন। তার কোন সন্তানও নেই। প্রায় দুই মাস আগে বাড়ি থেকে বের হয়ে ঢাকায় যান মজনু মিয়া। এরপর আর বাড়ি ফিরেননি। তবে ঝিনাইগাতী এসে কখন, কি কারণে ও কিভাবে মারা গিয়েছে তা জানেননা স্বজনরা।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমদ বাদল বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।




