সার্বিক আইন-শৃঙ্খলা, আভিযানিক সাফল্য, জন-গ্রহণযোগ্যতা এবং অভিন্ন মানদন্ডের উপর ভিত্তি করে পুলিশের ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয়েছে শেরপুর। ১২ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি প্রাপ্ত) দেবদাস ভট্টাচার্য্য বিপিএমের সভাপতিত্বে তার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ওই তথ্য জানানো হয়।

ওইসময় শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত হওয়ায় পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবার হাতে পুরস্কার হিসেবে স্বীকৃতি স্মারক ও সনদ তুলে দেন ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম। এছাড়াও সভায় ময়মনসিংহ রেঞ্জের মধ্যে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে ক্রেস্ট ও সম্মাননা স্মারক গ্রহণ করেন শেরপুর জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) আবু বকর সিদ্দিক।
সভায় অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ সাজ্জাদুর রহমান বিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপস্) জনাব সৈয়দ আবু সায়েম বিপিএম-সেবা, ময়মনসিংহ রেঞ্জ অফিস ও রেঞ্জের আওতাধীন সকল জেলার সম্মানিত পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।

এদিকে রেঞ্জের শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হওয়ায় শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবাকে তার অফিস কক্ষে ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ খোরশেদ আলম।
পরে শেরপুর জেলার পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ, জেলা পুলিশের অন্যান্য ইউনিটের ইউনিট প্রধানগণ ও সহকর্মীবৃন্দ পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। ওইসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা জানান, এই সম্মাননা ও পুরস্কার শেরপুর জেলা পুলিশের সকল সদস্যকে আরও উজ্জীবিত ও কর্মচঞ্চল করে তুলবে বলে আমার দৃঢ় বিশ্বাস। একইসাথে জেলা পুলিশের প্রতিটি সদস্য পেশাদারিত্ব বজায় রেখে দলগত প্রচেষ্টার মাধ্যমে ভবিষ্যতে এই সাফল্যের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে বদ্ধ পরিকর। তিনি রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএমের প্রতি জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।




