শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী আন্ধারুপাড়া খলচান্দা গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কোচ আদিবাসী সম্প্রদায়ের এক শিক্ষার্থীকে ইভটিজিং করার অভিযোগে নুর আলী (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। ২৩ সেপ্টেম্বর শনিবার সকালে উপজেলার খলচান্দা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক নুর আলী পাশ্ববর্তী বুরুঙ্গা গ্রামের আব্দুর রশীদের ছেলে।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯ টার দিকে উপজেলার খলচান্দা কোচপাড়া গ্রামের ৫ জন কোচ শিক্ষার্থী মিলে পাহাড়ি পথে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। রাস্তার কিছুদূর আসলে গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়। মেঘলা আকাশে সবার ছাতা না থাকায় আধা ভেজা অবস্থায় সবাই আবার বাড়ির দিকে ফেরত যেতে থাকে। এ সময় পথিমধ্যে খলচান্দা গ্রামের হোসেন আলীর বাড়ির কাছে গজারী বাগানের পাহাড়ি রাস্তায় পৌঁছালে সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা নুর আলী তাদের পথরোধ করে। ওই শিক্ষার্থীদের একজনের হাতে ধরে ও মুখ চেপে পাহাড়ের দিকে টেনে নিয়ে যেতে থাকে।
ওইসময় সহপাঠীরা তাকে আটকানোর চেষ্টা করে ও ডাকচিৎকার শুরু করে। একপর্যায়ে স্থানীয় লোকজন ছুটে গিয়ে তাদেরকে উদ্ধার করে। ওইসময় সুযোগ বুঝে বাড়িতে পালিয়ে যায় নুর আলী। পরে স্থানীয় লোকজন শিক্ষার্থীদের কাছে অভিযুক্তের চেহারার বর্ণনা শুনে নুর আলীকে তার বাড়ি থেকে ডেকে শিক্ষার্থীদের সামনে আনলে তারা অভিযুক্ত নুর আলীকে শনাক্ত করে। পরে গ্রামবাসীরা মিলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন ও থানা পুলিশকে অবগত করেন। পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয় জনতা ও ইউপি চেয়ারম্যান নুর আলীকে পুলিশের কাছে সোপর্দ করেন।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার এসআই ও পোড়াগাঁও ইউনিয়নের বিট কর্মকর্তা আব্দুস সালাম বলেন, ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে ঘটনার কথা শুনে আটক অভিযুক্ত নুর আলীকে থানায় আনা হয়েছে। অভিভাবকের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনী পদক্ষেপ নেওয়া হচ্ছে।
























