ষোড়শ এশিয়া কাপ ক্রিকেটের পর্দা উঠতে যাচ্ছে আজ। ১৫ বছর পর ঘরের মাঠে শুরু হওয়া এশিয়া কাপে নেপালের বিপক্ষে জয় দিয়ে আরম্ভের লক্ষ্য পাকিস্তানের। অন্যদিকে এশিয়া কাপে নিজেদের অভিষেক ম্যাচে বিশ্বকে চমকে দিতে মরিয়া নেপাল। ‘এ’ গ্রুপের ম্যাচটি মুলতানে শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টা ৩০ মিনিটে। এবারই প্রথম এশিয়া কাপ খেলছে নেপাল। মুলতানে ম্যাচটির আগে উদ্বোধনী অনুষ্ঠান রাখা হয়েছে।

অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন থাকবে। সংগীত পরিবেশন করবেন ভারতীয় কিংবদন্তি শিল্পী এ আর রহমান ও পাকিস্তানের জনপ্রিয় শিল্পী আতিফ আসলাম। এ ছাড়া থাকবে ঐতিহ্যবাহী এশিয়ান সংগীত ও নৃত্য পরিবেশনা। থাকছে মনোমুগ্ধকর আতশবাজি। উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে টুর্নামেন্টের ব্রডকাস্টার স্টার স্পোর্টস। বাংলাদেশে স্টার স্পোর্টস ছাড়াও পুরো টুর্নামেন্ট ও উদ্বোধনী অনুষ্ঠানটি দেখা যাবে টি-স্পোর্টসে। বাংলাদেশ সময় বিকাল ৩টায় অনুষ্ঠান শুরু হবে।
এবারে এশিয়া কাপ নিয়ে ছিল অনেক অনিশ্চয়তা। ভারত পাকিস্তানে খেলতে না চাওয়ায় শঙ্কা জেগেছিল এশিয়া কাপ আয়োজন নিয়ে। শেষ পর্যন্ত পিসিবি প্রধান নাজাম শেঠীর ‘হাইব্রিড’ মডেল এশিয়া কাপের আয়োজনের প্রস্তাব দিলে সমস্যা কেটে যায়। পাকিস্তানের পাশাপাশি শ্রীলংকাও আয়োজকের ভূমিকা পালন করছে এবার।

এবারের এশিয়া কাপ শুরুতে পাকিস্তানে আয়োজনের কথা থাকলেও ভারতের আপত্তিতে আয়োজন নিয়ে শঙ্কা দেখা দেয়। পরবর্তী সময় পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান নাজাম শেঠীর প্রস্তাবে হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সর্বশেষ ২০০৮ সালে ঘরের মাঠে এশিয়া কাপ আয়োজন করেছিল পাকিস্তান। ১৫ বছর পর এবার ঘরের মাঠে এশিয়া কাপ আয়োজনের সুযোগ পায় পাকরা। কিন্তু রাজনৈতিক কারণে ভারতীয় দল পাকিস্তান সফরে রাজি না থাকায় হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হচ্ছে এবারের এশিয়া কাপ। হাইব্রিড মডেলের কারণে টুর্নামেন্টের ১৩টি ম্যাচের মধ্যে মাত্র ৪টি ম্যাচ পাকিস্তানে এবং বাকি ৯টি হবে শ্রীলংকার মাটিতে। নিজেদের সব ম্যাচ শ্রীলংকায় খেলবে ভারত। ১৭ সেপ্টেম্বর টুর্নামেন্টের ফাইনাল হবে শ্রীলংকার কলম্বোতে।

























