শেরপুরে পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুন রবিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই প্রস্তুতি সভায় সভাপতিত্বে করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।

সভায় যথাযোগ্য মর্যাদায় আসন্ন পবিত্র ঈদুল আযহা উদযাপন ও কোরবানির পশুর বর্জ্য অপসারণ, স্থানীয় পর্যায়ে চামড়া সংরক্ষণ, ঈদ জামায়াতের সময়সূচি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, বাজার মনিটরিং, সড়কের উপর পশুর হাট না বসানোসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
প্রস্তুতিমূলক সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, শ্রীবরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম প্রমুখ।

ওইসময় জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, শ্রীবরদী পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সুকল্প দাস, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন ব্যাংক কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।
























