জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৩ উদযাপন উপলক্ষে শেরপুরে জেলা পর্যায়ে সাংবাদিকদের নিয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুন বৃহস্পতিবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে আয়োজিত ওই কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য। ওইসময় তিনি ক্যাম্পেইন সফল করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

কর্মশালায় জানানো হয়, আগামী ১৮ জুন রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারা জেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলবে। এ ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী ২৫ হাজার ৬৭১ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ৯১ হাজার ৪১২ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুলসহ মোট ২ লাখ ১৭ হাজার ৮৩ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
এছাড়া শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় মায়েদের বিভিন্ন পরামর্শ প্রদান করা হবে। জেলায় ১ হাজার ৩৫৮টি কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন সফল করতে এসব কেন্দ্রে স্বাস্থ্য বিভাগের ৫৫২ জন কর্মীর পাশাপাশি ২ হাজার ৭১৬ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন।
ওইসময় অন্যান্যের মধ্যে নকলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলাসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
























