শেরপুরের নকলায় অটোরিক্সা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ার হোসেন (২৫) নামের এক ব্যাটারিচালিত অটোরিক্সা চালকের মৃত্যু হয়েছে। ১১ মে বৃহস্পতিবার দুপুরে উপজেলার গণপদ্দী ইউনিয়নের খারজান নামাপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। সে ওই গ্রামের আনসার আলীর পুত্র।

নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গণপদ্দী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শামছুর রহমান আবুল।
জানা যায়, আনোয়ার হোসেন বৃহস্পতিবার দুপুরের দিকে ব্যাটারিচালিত অটোরিক্সা চার্জ দিতে গেলে বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে পড়েন। পরে তার ডাক চিৎকারে পরিবারের লোকজন আহত অবস্থায় শেরপুরের বয়ড়া পরানপুরের জিনোম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ব্যাপারে নকলা থানার এসআই বিপ্লব কুমার চন্দ বলেন, গণপদ্দী ইউনিয়নের খারজান নামাপাড়ায় বিদ্যুতায়িত হয়ে আনোয়ার হোসেন নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল করা হয়েছে। ওই ঘটনায় পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




