শেরপুরে আইনজীবী নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা আইনজীবী সমিতির সদস্য, জেলা যুব মহিলা লীগের সভাপতি, সংরক্ষিত আসনের সাবেক এমপি ও শেরপুর-১ (সদর) আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী।

৭ এপ্রিল রবিবার দুপুরে সমিতির অফিসে সমিতির সভাপতি এ্যাডভোকেট এমকে মুরাদুজ্জামান ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজ উদ্দিন মুন্নাসহ নবনির্বাচিত অন্যান্য নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। ওইসময় তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়নপ্রত্যাশী হিসেবে সকলের সহযোগিতা কামনা করেন।
শুভেচ্ছা বিনিময়কালে সমিতির সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট হরিদাস সাহা, সহ-সভাপতি এ্যাডভোকেট রুকনুজ্জামান রোকন, সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তারিকুল ইসলাম ভাসানীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময় শেষে এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী তার ব্যক্তি তহবিল থেকে সমিতির মহিলা কর্মচারিকে একটি সেলাই মেশিন প্রদান করেন। পরে তিনি সমিতির দ্বিতীয় তলায় লাইব্রেরী এবং ইনডোর গেমস কক্ষ পরিদর্শন করেন। ওইসময় আইনজীবী নেতৃবৃন্দসহ জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মাহবুবা রহমান শিমু, সাপ্তাহিক শ্যামলী শেরপুর ও শ্যামলীনিউজ২৪ডটকমের নির্বাহী সম্পাদক উমর ফারুক, সদর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার শিখা, সাধারণ সম্পাদক মারুফা আক্তার, শহর যুব মহিলা লীগের সভাপতি সেতারা পারভীন পরশ, সাধারণ সম্পাদক সাবিকুন নাহারসহ জেলা যুব মহিলালীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
























