শেরপুরের নকলায় সেচপাম্পে গোসল করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সজিব মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ১৮ এপ্রিল মঙ্গলবার রাতে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের বাছুরআলগা গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত সজিব মিয়া ওই এলাকার আব্বাস আলীর পুত্র। ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন নকলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইস্কান্দর হাবিব।

জানা যায়, মঙ্গলবার রাত ১টার দিকে প্রচন্ড গরমের কারণে বাড়ির দক্ষিণ পাশে জনৈক আব্দুর গফুরের বৈদ্যুতিক সেচ পাম্পে গোসল করতে যায় সজিব মিয়া। ওইসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত অবস্থায় ছটফট করতে থাকলে প্রতিবেশি আশিক মিয়া দেখতে পেয়ে ডাকচিৎকার শুরু করেন। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা সজিব মিয়াকে আহত অবস্থায় উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রিয়াদ মাহমুদ বলেন, এ ঘটনায় নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




