নিজ নির্বাচনী এলাকা শেরপুর সদরে ৫ সহস্রাধিক হতদরিদ্র নারীর মাঝে ঈদ বস্ত্র হিসেবে শাড়ি বিতরণ করেছেন জাতীয় সংসদের হুইপ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

১৮ এপ্রিল মঙ্গলবার শেরপুর পৌরসভার ৯ টি ওয়ার্ডে ওই শাড়ি বিতরণ করা হয়। এর মধ্য দিয়ে সদর উপজেলার ১টি পৌরসভা ও ১৪ টি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে ওই বিতরণ কার্যক্রম শেষ হয়েছে।
এদিকে মঙ্গলবার দুুপুরে শহরের জিকে পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শেরপুর পৌরসভার হতদরিদ্রদের মাঝে শাড়ি বিতরণকালে হুইপ আতিউর রহমান আতিক বলেন, শেখ হাসিনা অসচ্ছল, অসহায় ও হতদরিদ্র মানুষের দু:খ-দুর্দশা বুঝেন। এজন্য সরকার অন্যান্য সময়ের পাশাপাশি ঈদ উৎসবে অসচ্ছল মানুষগুলো যাতে খেতে পারে ও পড়তে পারে-সে জন্য বিনামূল্যে চাল ও বস্ত্র বিতরণের ব্যবস্থা করেছে। তিনি বলেন, শেখ হাসিনা যখনই ক্ষমতায় থাকে তখনই মানুষ কিছু পায়।

ওইসময় শহর আওয়ামী লীগের সভাপতি প্রকাশ দত্ত ও সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আওলাদুল ইসলাম, হুইপকন্যা ডা. শারমিন রহমান অমিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
























