শেরপুরে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ পার্থ দত্ত (৩২) নামে এক যুবককে আটক করেছে র্যাব-১৪। ১ এপ্রিল শনিবার বিকেলে শহরের খোয়ারপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক পার্থ শহরের নারায়ণপুর এলাকার মৃত পিযুষ কান্তি দত্তের ছেলে। রবিবার দুপুরে মাদক আইনের মামলায় তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল ৫টার দিকে র্যাব-১৪, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল শেরপুর জেলা শহরের খোয়ারপাড় এলাকাস্থ মেসার্স দুলাল ট্রেডার্স এর সামনে অভিযান চালায়। ওইসময় ১০০ পিস ইয়াবাসহ পার্থ দত্তকে হাতেনাতে আটক করে র্যাব সদস্যরা। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ত্রিশ হাজার টাকা বলে জানিয়েছে র্যাব।

এ ব্যাপারে র্যাব-১৪, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং অনুসন্ধানে জানা যায় যে, আসামি পার্থ দীর্ঘদিন যাবৎ শেরপুর জেলার বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। অভিযুক্তকে মাদক আইনের মামলায় সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে ।
























