শেরপুরের নকলায় একটি গাভী একসাথে ৪টি বকনা বাছুর প্রসব করেছে। ২৭ ফেব্রুয়ারি সোমবার সকালে উরফা ইউনিয়নের বারমাইসা গ্রামের কৃষক শফিকুল ইসলামের (৪৫) বাড়িতে এ ঘটনা ঘটে।

বর্তমানে বাছুরগুলি সুস্থ্য রয়েছে এবং স্বাভাবিকভাবে মায়ের দুধ পান করছে। বিরল এ ঘটনা দেখতে শফিকুলের বাড়িতে ভিড় জমাচ্ছেন আশপাশের মানুষজন।
শফিকুল ইসলাম জানান, ১ বছর আগে শংকর জাতের এ গাভীটি ৯৭ হাজার টাকায় কিনে লালন পালন শুরু করি। পরবর্তীতে স্থানীয় একজন পশু চিকিৎসকের মাধ্যমে গাভীটিকে কৃত্তিম প্রজনের মাধ্যমে বীজ দেওয়া হয়। ২৮০ দিন পর আজ সকালে গাভীটি এক সাথে ৪টি বকনা বাছুর প্রসব করে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. ইসহাক আলী জানান, খবর পেয়ে কৃষক শফিকুলের বাড়ি গিয়ে গাভী ও বাচ্চাদের স্বাস্থ্য পরীক্ষা করি। সব সুস্থ্য আছে। ৪টি বাচ্চা কিভাবে সুস্থ্যতার সাথে বেড়ে উঠতে পারে এবং গাভীর স্বাস্থ্য রক্ষায় গাভীর মালিককে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে।




