২০১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটাই ভালো হয়নি ঢাকা ডমিনেটর্সের। ৩০ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে দলটি। ফলে ঢাকাকে ৬২ রানের বড় ব্যবধানে হারিয়েছে মাশরাফি বিন মর্তুজার সিলেট।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বিপিএলের অষ্টম ম্যাচে ঢাকাকে ৬২ রানে হারিয়েছে সিলেট। ব্যাট হাতে ৮৪ রান করে সিলেটের জয়ের নায়ক তৌহিদ হৃদয়। নিজেদের প্রথম চার ম্যাচের চারটিতেই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে এখন মাশরাফির দল।
এর আগে প্রথম পর্বের শেষ ম্যাচে ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নামে মাশরাফির দল। ওপেনার নাজমুল শান্ত এবং তিনে নামা তৌহিদ হৃদয় দারুণ ব্যাটিং করেন। শান্ত ফিরে যাওয়ার আগে ৫৭ রানের ইনিংস খেলেন। সাতটি চার ও দুটি ছক্কা তোলেন তিনি। দলকে দেন ৮৮ রানের জুটি।

তিনে নামা তৌহিদ হৃদয় টানা তৃতীয় ফিফটি তুলে নেন। তবে ঢাকার বিপক্ষে ছিলেন আগের চেয়ে বিধ্বংসী। তিনি ৪৬ বলে ৮৪ রানের দারুণ ইনিংস খেলেন। শেষ ওভারে ফিরে যাওয়ার আগে পাঁচটি করে ছক্কা ও চারের শট দেখান। তার দল ৮ উইকেট হারিয়ে তোলে ২০১ রান।
জবাব দিতে নেমে শূন্য রান করে ফিরে যান ঢাকার ওপেনার মোহাম্মদ শেহজাদ। তাকে তুলে নেন মাশরাফি। তিনে নামা সৌম্য সরকারকে ৬ রানে সাজঘরে ফেরান ম্যাশ। দলটির ওপেনার দিলশান মুনায়েরাও (১২) রান পাননি। তবে চারে নামা মোহাম্মদ মিঠুন ২৮ বলে ৪২ রানের ভালো ইনিংস খেলেন। অধিনায়ক নাসির খেলেন ৩৫ বলে ৪৪ রানের ইনিংস। তাদের জুটিতে আশা দেখছিল ঢাকা।
সিলেটের হয়ে মাশরাফি ৩ ওভারে মাত্র ১৫ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন। স্পিনার ইমাদ ওয়াসিম ৪ ওভারে ২৪ ও মোহাম্মদ আমির ৪ ওভারে মাত্র ১৯ রান খরচ করে দুটি করে উইকেট নিয়েছেন।

























