স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেরপুর জেলার উন্নয়নে ৮ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। ৩ জানুয়ারি মঙ্গলবার দুপুরে শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর ওই স্মারকলিপি প্রদান করেন শেরপুর জেলা উন্নয়ন সংগ্রাম পরিষদের প্রধান সমন্বয়ক মহিউদ্দিন আহমেদ।

ওইসময় অন্যান্যের মধ্যে শেরপুর মডেল কলেজের সহকারী অধ্যাপক মাসুদ হাসান বাদল, সহকারী অধ্যাপক মামুনুর রশিদ আকন্দ, সাংবাদিক মারুফুর রহমান, মেহেদী হাসান প্রমুখ।
স্মারকলিপি প্রদান শেষে মহিউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চায়। কিন্তু একটি জেলাকে পশ্চাতে রেখে কখনো একটি দেশ অন্তত স্মার্ট হতে পারে না। সরকার ২০০৮ সালে ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করে সারা দেশকে যেভাবে প্রযুক্তিবান্ধব হিসেবে গড়ে তুলতে চেয়েছেন তার ছোঁয়া শেরপুরে লাগেনি। পিছিয়ে পড়া শেরপুর জেলায় যোগাযোগের জন্য রেলপথ হয়নি, বিশ্ববিদ্যালয় নেই, মেডিকেল কলেজ আসি আসি বলে আসেনি। খাদ্য উদ্বৃত্ত এই জেলায় শিল্প উন্নয়নে নেই কোন প্রযুক্তিবান্ধব শিল্প জোন। ঢাকা থেকে সবচেয়ে নিকটবর্তী স্থলবন্দর শেরপুরের নাকুগাঁও পড়ে আছে আধমরা হয়ে। প্রাকৃতিক সুন্দর পর্যটনে বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও পর্যটন জেলা হিসেবে এখনো স্বীকৃতি পায়নি। আমরা চাই সরকার শেরপুর জেলাকে স্মার্ট বাংলাদেশের অংশ হিসেবে গড়ে তুলুক। এজন্যই প্রধানমন্ত্রী বরাবর ৮ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি দেওয়া হয়েছে।

বিস্তারিত তথ্য এবং বক্তব্য শুনে জেলা প্রশাসক সাহেলা আক্তার স্মারকলিপি যথাযথভাবে প্রধানমন্ত্রী বরাবর পাঠাবেন বলে জানিয়েছেন।
























