শেরপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজনে দীর্ঘ প্রায় পাঁচ বছর পর আয়োজিত দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগের (২০২২-২৩) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১০ ডিসেম্বর শনিবার শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় ড্রীম বয়েজ ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে অর্ক ক্লাব।

ফাইনাল খেলায় টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে অর্ক ক্লাব। তারা নির্ধারিত ৩০ ওভারের খেলায় ৮ উইকেট হারিয়ে ১৩১ রানের টার্গেট দেয় ড্রীম বয়েজ ক্লাবকে। প্রথমে ভালো খেললেও শেষ দিকে চাপের মুখে পড়ে যায় ড্রীম বয়েজ ক্লাব। শেষ ওভারে জেতার জন্য তাদের দরকার ছিল ১০ রান। তবে তার আর করতে না পেরে অলআউট হয়ে যান ড্রীম বয়েজ ক্লাবের খেলোয়াড়রা।
খেলা শেষে উভয় দলের মাঝে পুরস্কার হিসেবে ট্রফি ও মেডেল তুলে দেন প্রধান অতিথি পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মানিক দত্তের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহনাজ ফেরদৌস, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার, জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী সদস্য জাকির হোসেন বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগে প্রথমবারের মতো অংশগ্রহণকারী দলগুলোকে পাঁচ হাজার টাকা করে প্রাইজমানি দেওয়া হয়।
এবারের লীগে মোট ১৫টি দল চারটি গ্রুপে অংশ নেয়।

























