বিভিন্ন অ্যাপস ও ডিজিটাল ডিভাইস ব্যবহারের মাধ্যমে সরকারি ও অন্যান্য প্রতিষ্ঠানের সেবা প্রাপ্তি এবং সামাজিক দায়িত্ব পালন জোরদার করতে শেরপুরে যুবদের জন্য শুরু হয়েছে আইসিটি দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ। নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর জেলা কমিটির যুব ফোরাম ২ দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করেছে। ২৩ সেপ্টেম্বর শুক্রবার ডিএফএ সভাকক্ষে ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন শেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভিাগের বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু। ওইসময় তিনি বলেন, ভার্চূয়াল জগত এক মহাসমুদ্র। এখানে ভালো কিছুর সাথে অনেক বিপদও রয়েছে। ডিজিটাল জগতের ভালো জিনিস আমাদেরকে যেমন গ্রহণ করতে হবে, খারাপগুলোও তেমনভাবে বর্জন করতে হবে। এজন্য তথ্যপ্রযুক্তি ব্যবহারের টেকনিক, আইনকানুন, নীতিমালা সম্পর্কে জানতে হবে, সচেতন হতে হবে। কোনটা মিথ্যা, ভুয়া, গুজব, অপপ্রচার এসব চিহ্নিত করার দক্ষতা অর্জন করতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে শেরপুর মডেল গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তপন সারোয়ার, জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা কবি হাসানুজ্জামান শরাফত, নারী উদ্যোক্তা আইরীন পারভীন, সংস্কৃতি সংগঠক এসএম আবু হান্নান, নৃ-জনগোষ্ঠির নেতা সুমন্ত বর্মন, সাংবাদিক হাকিম বাবুল, যুব ফোরামের আহ্বায়ক শুভংকর সাহা প্রমুখ বক্তব্য রাখেন।
জানা যায়, ২ দিনব্যপী ওই প্রশিক্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নিয়ম, বিষয়, টেকনিক ভাষা, সার্চ ইঞ্জিনের ব্যবহার, অ্যাপস ডাউনলোড ও ব্যবহার, অনলাইনে সরকারি-বেসরকারি সেবাপ্রাপ্তি সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষন প্রদান করা হয়। এছাড়াও ছবি-ভিডিও এডিটিং, অনলাইন কনটেন্ট তৈরী ও আপলোড করা, আইসিটি ক্যারিয়ার কাউন্সিলিং, ডিজিটাল মার্কেটিং, ই-কমার্স, এফ কমার্স, ফ্রি-ল্যান্সিং, পেইজ তৈরী, অনলাইনে কুতথ্য যাচাই, চিহ্নিতকরণ ও প্রতিরোধের উপায় এবং ডিজিটাল নিরাপত্তা আইন সম্পর্কে ধারণা প্রদান করা হয়। ২ দিনব্যাপী ওই প্রশিক্ষণে জনউদ্যোগ যুব ফোরামের ২০ জন তরুণ-তরুনী অংশগ্রহণ করছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ইনস্টিটিউট ফর এনভায়রণমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) প্রশিক্ষণটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করছে। এতে প্রশিক্ষক হিসেবে রয়েছেন আউটসোর্সার মিনহাজ উদ্দিন, বিতার্কিক এসএম ইমতিয়াজ চৌধুরী, অনলাইন কনটেন্ট মেকার ইমামুল হাসান তানভীর।
























