প্রাক মৌসুম এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। কাগজে-কলমে ম্যাচটা প্রীতি ম্যাচ হলেও বার্সা-রিয়ালের দ্বৈরথ উত্তাপ ছড়িয়েছে পুরো বিশ্বে। ২৩ জুলিই শনিবার রাতে নতুন সাইনিং রাফিনহার একমাত্র গোলে জয় পায় বার্সেলোনা।

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের এলিগিয়েন্ট স্টেডিয়ামে প্রাক মৌসুম প্রস্তুতিতে মুখোমুখি হয়েছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ম্যাচের ২৭তম মিনিটে বার্সাকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহা। ডিফেন্ডার লুকাস ভাসকুয়েজ বল দখলে নিয়ে এদের মিলিতাওকে দিয়েছিলেন। ব্রাজিলিয়ান ডিফেন্ডার বল ক্লিয়ার করতে গিয়ে রাফিনহার কাছে দিয়ে দেন। আর ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দারুণ শটে জাল খুঁজে নেন তিনি।
এই ম্যাচে বার্সেলোনার জার্সিতে অভিষেক হয়েছে রবার্ট লেভানভস্কির। ক্লাবের হয়ে প্রথম ম্যাচ খেললেন তিনি। রিয়ালের জার্সিতে এদিন মাঠে নামেননি করিম বেনজেমা। আক্রমণে ছিলেন ইডেন হ্যাজার্ড। অ্যান্টনিও রুডিগার ও অরেলিয়েন টিশোয়ামেনি প্রথমবার মাদ্রিদ ক্লাবের জার্সি পরেন।

দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণে রিয়ালের ডি-বক্সে ভীতি ছড়ায় বার্সা। তবে গোলরক্ষক থিবো কোর্তোয়ার নৈপুণ্যে ব্যবধান বাড়েনি। ফলে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়তে হয় কাতালানদের।
প্রীতি ম্যাচ হলেও মাঠে দুই দলের খেলায় ছিল উত্তেজনার ছাপ। প্রথমার্ধের বিরতির আগে লেগে যান দুই দলের খেলোয়াড়রা। বার্সেলোনার ডিফেন্ডার জর্দি আলবাকে হলুদ কার্ড দেখিয়ে সে দফায় মারামারি বন্ধ করেন রেফারি।
গোটা ম্যাচে ৪৮ শতাংশ বল দখলে রেখে রিয়ালের গোলবারের উদ্দেশ্যে মোট ১৬টি শট নেয় বার্সেলোনা। যার মধ্যে লক্ষ্যে ছিল ৬টি। অপরদিকে ৫২ শতাংশ বল দখলে রাখা রিয়াল ৯টি শট নিলেও লক্ষ্যে রাখতে পারেনি একটিও।

























