জনপ্রশাসন মন্ত্রণালয় হতে প্রস্তাবিত পদনাম পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণে অর্থ মন্ত্রণালয়ের সম্মতির দাবিতে শেরপুরে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস), শেরপুর জেলা শাখা।

বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মচারী সমিতি, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১ মার্চ মঙ্গলবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ পূর্ণদিবস কর্মবিরতি পালন করেন জেলা কালেক্টরেটের বিভিন্ন দপ্তরের কর্মচারীরা।
কর্মবিরতিতে জেলা বাকাসস’র প্রধান উপদেষ্টা মেহেদী হাসান, সভাপতি মো. ছাইদুল হক, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাদত হোসাইন, মোছা. বিলকিছ বেগম, সহ-সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন, মো. বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান, জেলা প্রশাসক কার্যালয়ের উচ্চমান সহকারী মো. রুহুল আমীন, সিএ টু এডিসি মো. রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাকাসস নেতৃবৃন্দ জনপ্রশাসন মন্ত্রণালয় হতে প্রস্তাবিত পদনাম পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবি তুলে ধরে বলেন, গত দুই যুগ ধরে মাঠ প্রশাসন কর্মচারীদের আন্দোলন ও দাবির মুখে গত ২৪ জানুয়ারি পদোন্নতি দেয়ার ব্যাপারে নীতিগত অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু এখনও তা কার্যকর হয়নি। এজন্য তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাবেন।




