দীর্ঘ ৭ বছর পর আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে শেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে ওই সম্মেলন অনুষ্ঠিত হবে।

এদিকে সম্মেলনকে ঘিরে স্থানীয় দলীয় নেতা-কর্মীদের মাঝে চলছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। চলছে শেষ মুহূর্তের মঞ্চ সজ্জা ও প্যান্ডেল নির্মাণ। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে আয়োজিত সম্মেলন সফল ও সুন্দর করতে চলছে ব্যাপক প্রস্তুতি।
ইতোমধ্যে সম্মেলন স্থল পরিদর্শন করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি, শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপিসহ স্থানীয় নেতা-কর্মীরা। তারা সম্মেলনের প্রস্তুতির বিষয়ে সার্বিক খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন।

বৃহস্পতিবার সকাল ১১টায় সম্মেলনের উদ্বোধন করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক অসিম কুমার উকিল এমপি, নির্বাহী সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন।
সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি একেএম নুরুল আমিন ছানা’র সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি।




