বিপিএলে বাঁচা-মরার ম্যাচে কুমিল্লাকে ৯ উইকেটে হারিয়ে প্লে-অফের টিকিট পেয়েছে খুলনা টাইগার্স। খুলনার জয় আর কুমিল্লার হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত মিনিস্টার ঢাকার। শনিবার শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ফাফ ডু প্লেসির সেঞ্চুরির কল্যাণে ১৮২ রানের সংগ্রহ পায় কুমিল্লা। ১৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ঝড়ো ব্যাটিং করে ১৮২ রানের রেকর্ড জুটি গড়েন মেহেদি হাসান ও আন্দ্রে ফ্লেচার। খুলনা জয় পায় ৯ উইকেটে। এর আগে সেরা চারে জায়গা করে নেয় বরিশাল, কুমিল্লা এবং চট্টগ্রাম।

শুরুতে ব্যাট করতে নেমে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ফফ ডু-প্লেসিস ব্যাট হাতে দুর্দান্ত খেলতে থাকেন। তুলে নেন এক শৈল্পিক সেঞ্চুরি। সেই সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮২ রান তুলে কুমিল্লা।
দলের সর্বোচ্চ ১০১ রান করেন ডু-প্লেসিস। ৫৪ বলে খেলা এই ইনিংটি ১১টি চার এবং তিনটি ছয়ে সাজানো। এছাড়া ৩১ রান করেন মাহমুদুল হাসান জয়। আর ২০ রানে অপরাজিত থাকেন নাহিদুল ইসলাম অঙ্কন। অন্যরা কেউই দশের ঘর পার করতে পারেননি।

১৮৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতেই দলকে জয়ের দ্বারপ্রান্তে এনে দেন আন্দ্রে ফ্লেচার ও শেখ মেহেদি হাসান। ফ্লেচার তুলে নেন ব্যক্তিগত সেঞ্চুরি। অপরাজিত থাকেন ১০১ রানে। আর ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করার পর ৭৪ রানে আউট হন শেখ মেহেদি হাসান। সৌম্য সরকার ১ রানে অপরাজিত থাকেন।

























