টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. এ আর এম সোলাইমানকে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ২৮ জুলাই বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মো. নূর-ই-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ওই তথ্য নিশ্চিত করা হয়। বৃহস্পতিবার থেকে উপাচার্যের অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. এ আর এম সোলাইমান। তিনি শেরপুরের শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের গবরিকুড়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, মাভাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিনের উপাচার্যের পদের মেয়াদ পূর্তিতে পরবর্তী উপাচার্যের নিয়োগ ও কার্যভার গ্রহণ না করা পর্যন্ত অধ্যাপক ড. এ আর এম সোলাইমান ওই দায়িত্ব পালন করবেন। মাভাবিপ্রবি আইন ২০০১ এর ১০(৩) ধারায় তাকে ওই দায়িত্ব দেওয়া হয়।

জানা যায়, তিনি গত ১১ এপ্রিল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উপ-উপাচার্য পদে মাভাবিপ্রবিতে যোগদান করেন। এর আগে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সয়েল সায়েন্স বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
অধ্যাপক ড. এ আর এম সোলাইমান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর, যুক্তরাজ্যের ‘দি কুইন্স ইউনিভার্সিটি অব বেলফাস্ট’ থেকে পিএইচডি এবং যুক্তরাজ্যের ‘ইউনিভার্সিটি অব অ্যাবারডিন’ থেকে পোস্ট-ডক্টরেট করেছেন। তিনি ১৯৮০-১৯৯৬ সাল পর্যন্ত বাংলাদেশ ইন্সটিটিউট অব নিউক্লিয়ার এগ্রিকালচারে (বিনা) যথাক্রমে বৈজ্ঞানিক কর্মকর্তা, সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা এবং প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। এরপর ১৯৯৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন এবং ২০১৩ সালে সিলেকশন গ্রেড অধ্যাপক-এ উন্নীত হন। এছাড়া তিনি জার্মানির রিহনে ওয়াল ইউনিভার্সিটিতে ভিজিটিং অধ্যাপক হিসেবেও কর্মরত ছিলেন। দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে তাঁর দেড় শতাধিক প্রকাশনা রয়েছে। দশটিরও বেশি ইন্টারন্যাশনাল কনফারেন্সে অংশগ্রহণ করেছেন তিনি। এছাড়াও পিএইচডি শিক্ষার্থীদের সুপারভাইজার হিসেবেও তিনি ভূমিকা পালন করেছেন।
এদিকে শেরপুরের কৃতি সন্তান অধ্যাপক ড. এ আর এম সোলাইমান মাভাবিপ্রবি’র ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু ও শেরপুর ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট রফিকুল ইসলাম আধার।
























