অনলাইন নিউজপোর্টাল শ্যামলবাংলা২৪ডটকম’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী আজ (৩১ জুলাই)। ২০১৩ সালের এই দিনে আনুষ্ঠানিকভাবে দেশের প্রান্তিক জেলা শেরপুর থেকে যাত্রা শুরু করে শ্যামলবাংলা২৪ডটকম। সেদিন আনুষ্ঠানিকভাবে এ গণমাধ্যমটির উদ্বোধন করেন তৎকালীন জেলা প্রশাসক (বর্তমানে সরকারের অতিরিক্ত সচিব) মোহাম্মদ জাকীর হোসেন। উপস্থিত ছিলেন জেলা পুলিশ, জনপ্রতিনিধি ও সাংবাদিক মহলসহ বিভিন্ন দায়িত্বশীল মহলের শীর্ষ ব্যক্তিগণও।

‘মা মাটি ও মানুষের কথা বলে’ এ শ্লোগানকে ধারণ করে মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শ্যামলবাংলা২৪ডটকম’র পথচলা মোটেই সহজ ছিল না। প্রকাশনার মূল চালিকাশক্তি বিজ্ঞাপন শূন্যতার পরও শ্যামলবাংলা২৪ এর কর্ণধার সম্পাদক-প্রকাশক রফিকুল ইসলাম আধার নিজের অনেক খড়-কাঠ পুড়িয়ে শ্যামলবাংলা পরিবারকে নিয়ে টানা-পোড়েনহীন সদিচ্ছায় কাজ করায় এবং প্রশাসন, জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও সচেতন মহলসহ নানাজনের উৎসাহ-উদ্দীপনার কারণেই গণমাধ্যমটির আজকের অবস্থানে পৌঁছা সম্ভব হয়েছে। আর এর মধ্য দিয়ে মাত্র একদিন পরই শ্যামলবাংলা পদার্পণ করবে ৯ম বর্ষে। এজন্য শেরপুরের শীর্ষ জনপ্রতিনিধি, প্রশাসন ও দায়িত্বশীল মহলের পাশাপাশি শ্যামলবাংলা২৪ডটকম’র অগণিত পাঠক, লেখক, সাংবাদিক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন শ্যামলবাংলা২৪ডটকম’র সম্পাদক-প্রকাশক রফিকুল ইসলাম আধার। সেইসাথে তিনি আশা প্রকাশ করেন যে, সকলের আন্তরিক সহযোগিতা ও পরামর্শের ধারাবাহিকতায় কঠিন পথ পেরিয়েও শ্যামলবাংলা তার আদর্শিক চেতনা আরও শাণিত করে সামনের দিকে এগিয়ে যাবে। আরও শুভেচ্ছা জানিয়েছেন শ্যামলবাংলা২৪ডটকম’র উপদেষ্টা সম্পাদক সোলায়মান খাঁন মজনু, ব্যবস্থাপনা সম্পাদক এ্যাডভোকেট ফারহানা পারভীন মুন্নী ও এ্যাডভোকেট আলমগীর কিবরিয়া কামরুল।
এদিকে জাতির প্রাণঘাতি করোনা ভাইরাসজনিত কঠিন পরিস্থিতি এবং লকডাউনের মধ্যে শ্যামলবাংলার প্রতিষ্ঠাবার্ষিকী হওয়ায় মানুষের দুঃখ-দুর্দশাসহ সার্বিক অবস্থা বিবেচনা করেই এবারও বর্ষপূর্তির জমকালো আয়োজন থেকে বিরত থাকতে হচ্ছে।
এ বিষয়ে শ্যামলবাংলা২৪ডটকম’র নির্বাহী সম্পাদক মোহাম্মদ জুবায়ের রহমান জানান, করোনা মহামারী ও লকডাউনের কারণে এবার প্রতিষ্ঠাবার্ষিকীতে আগের মত কোন বিশাল আয়োজন থাকছে না। তবে পরিস্থিতির পরিবর্তন হলে আগামীতে জমকালো অনুষ্ঠানের পাশাপাশি শ্যামলবাংলা২৪ডটকম পরিবার আর্তমানবতার সেবায় অগ্রসর হবে- এমন পরিকল্পনা রয়েছে।









