স্টাফ রিপোর্টার, ঝিনাইগাতী ॥ শেরপুরের ঝিনাইগাতীতে মাদকদ্রব্য বহন ও সেবনের অভিযোগে হাতিবান্দা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য খোকন মিয়াকে (৫১) ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ২৩ ডিসেম্বর বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদ ওই কারাদণ্ড দেন। খোকন উপজেলার হাতিবান্দা ইউনিয়নের লয়খা এলাকার মৃত আব্দুল বারিকের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, বুধবার খোকন মিয়ার বসতঘর থেকে ১শ গ্রাম গাঁজাসহ সেবনরত অবস্থায় তাকে আটক করা হয়। নেশা করার দায় স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) ২১ ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মশিউর রহমান সোহেল ও পরিদর্শক (ভারপ্রাপ্ত) এনামুল হক। বুধবার বিকেলে খোকন মিয়াকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
























