ads

শনিবার , ১৯ ডিসেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লজ্জার ব্যাটিং বিপর্যয়, নিজেদের টেস্ট ইতিহাসের সর্বনিম্ন স্কোর ভারতের

খবর টি পড়েছেন : ১৫৮
লজ্জার ব্যাটিং বিপর্যয়, নিজেদের টেস্ট ইতিহাসের সর্বনিম্ন স্কোর ভারতের
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দুই অজি পেসার প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউডের বিধ্বংসী বোলিংয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রান তুলতেই গুটিয়ে গেছে ভারত। নিজেদের টেস্ট ইতিহাসে এটিই ভারতের সর্বনিম্ন স্কোর। এর আগে টেস্টে এক ইনিংসে ভারতের সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড ছিল ৪২ রানের। ১৯৭৪ সালে লর্ডসে ইংল্যান্ডের কাছে পাওয়া সেই লজ্জার রেকর্ড এখন কোহলির দলের দখলে।
প্রথম ইনিংসে ৫৩ রানের লিড ছিল ভারতের। কোনোমতে দ্বিতীয় ইনিংসে ২০০ রান করতে পারলেও স্বাগতিকদের চাপে ফেলা যেত। কিন্তু গোপালি বলের সুইং সামলাতে ব্যর্থ সফরকারী দলের কোনো ব্যাটসম্যানই দুই অংক ছুঁতে পারলেন না। ভারতীয় ব্যাটসম্যানদের ইনিংসগুলো পরপর সাজালে দাঁড়ায়- ৪, ৯, ২, ০, ৪, ০, ৮, ৪, ০, ৪, ১। তবে শেষ ব্যাটসম্যান মোহাম্মদ শামি রিটায়ার্ড হার্ট হয়ে ফিরেছেন। ফলে ভারত আসলে উইকেট হারিয়েছে ৯টি।
শেষ পর্যন্ত সিরিজের প্রথম দিবারাত্রির টেস্টে অজিদের সামনে ভারত লক্ষ্য দিতে পেরেছে মাত্র ৯০ রানের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিজেদের দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ১৫ রান তুলেছে স্বাগতিকরা। জিততে হলে টিম পেইনের দলকে করতে হবে মাত্র ৭৫ রান।
টেস্ট ইতিহাসে ভারতের এই ৩৬ রানের ইনিংস সবমিলিয়ে যৌথভাবে চতুর্থ সর্বনিম্ন। তবে সমান ৩৬ রান আছে আরও দুই দলের। মাঝে ৩০ রানে দুবার অলআউট হয়েছে দক্ষিণ আফ্রিকা। সেই হিসেবে ভারতের বর্তমান অবস্থান সপ্তম।
১৯৫৫ সালের ২৫ মার্চ ইংলিশদের বিপক্ষে নিউজিল্যান্ডের মাত্র ২৬ রানে গুটিয়ে যাওয়া সর্বনিম্ন ইনিংসের রেকর্ডের তালিকায় শীর্ষে অবস্থান করছে। ৩০ রান নিয়ে তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে দক্ষিণ আফ্রিকা। এই লজ্জার কীর্তিতে তারা যথাক্রমে ১৮৯৬ ও ১৯২৪ সালে নাম লিখিয়েছে।
ভারতের মতোই সমান ৩৬ রানে অলআউট হওয়ার রেকর্ড আছে অস্ট্রেলিয়ারও। তবে সেটা ১৯০২ সালের ২৯ মে’র ঘটনা। প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। একই লজ্জায় ডুবেছে দক্ষিণ আফ্রিকাও (১৯৩২ সালে)। এছাড়া ১৮৯৯ সালের ১ এপ্রিল ৩৫ রানে (ইংলিশদের বিপক্ষে) অলআউট হয়েছিল প্রোটিয়ারা। অর্থাৎ, সর্বনিম্ন ইনিংসের তালিকায় প্রথম সাতটির চারটিই দক্ষিণ আফ্রিকার দখলে।

Shamol Bangla Ads

শনিবার অ্যাডিলেডে কামিন্স-হ্যাজেলউডের সামনে পাত্তাই পাননি কোহলিরা। আগের দিনের শেষে দলীয় ৯ রানের মাথায় পৃথ্বী শ (৪) বিদায় নিয়েছিলেন। বাকি ব্যাটসম্যানরা তৃতীয় দিনের শুরুতেই সেই পথ ধরলেন। শুরুটা হলো জসপ্রীত বুমরাহকে দিয়ে। দলকে ১৫ রানে রেখে কামিন্সের বলে বোলারের হাতেই ক্যাচ তুলে দেন ভারতীয় নাইট-ওয়াচম্যান।
বুমরাহ তবু ব্যাটসম্যান নন, ফলে তার বিদায় অস্বাভাবিক কিছু নয়। কিন্তু এরপর যেন তাসের ঘরের মতো হুড়মুড় করে ভেঙে পড়ল ভারতীয় ইনিংস। ওই ১৫ রানেই একে একে বিদায় নিলেন চেতেশ্বর পূজারা, ময়াঙ্ক আগারওয়াল এবং আজিঙ্কা রাহানে। বিরাট কোহলি একটা বাউন্ডারি হাঁকিয়ে পাল্টা আক্রমণ শানাতে চাইলেও কামিন্সের বলেই তার লড়াইয়ের সমাপ্তি ঘটে। ভারতীয় অধিনায়ক মাত্র ৪ রান করেই প্যাভিলিয়নের পথ ধরেন।
কোহলি বিদায় নেওয়ার পর বাকিরাও সেই পথে পা বাড়াতে দেরি করেননি। একে একে সাজঘরে ফিরতে শুরু করেন হনুমা বিহারি, ঋদ্ধিমান সাহা, অশ্বিনরাও। অজি পেসার কামিন্স একাই তুলে নিয়েছেন ৫ উইকেট। ৫ ওভারে ৩ মেডেনসহ রান খরচ করেছেন মাত্র ৮! হ্যাজেলউড অবশ্য ১০.২ ওভারে ২১ রান খরচ করেছেন, কিন্তু উইকেট তুলে নিয়েছেন ৪টি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্বাসরুদ্ধকর ফাইনালে খুলনার শিরোপা জয় পরবর্তী সংবাদ শিরোপার স্বাদ নিয়ে যা বললেন মাহমুদউল্লাহ

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads