শ্যামলবাংলা ডেস্ক : আগেরবার ভারত যখন অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল, স্বাগতিক দল তখন বল টেম্পারিং কেলেঙ্কারিতে জেরবার। নিষিদ্ধ হয়েছেন স্টিভেন স্মিথ আর ডেভিড ওয়ার্নার। এবার পরিস্থিতি পাল্টে গেছে। স্মিথ-ওয়ার্নার দলে ফিরেছেন। যে কারণে গতবারের থেকে এবার অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের কাজটা বেশি কঠিন হবে বলে মনে করেন ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার।
ওয়ার্নার, স্মিথ ছাড়াও মার্নাস লাবুশানের কথাও আলাদা করে বলেছেন শচীন। তিনি বলেন, ‘আগেরবার অস্ট্রেলিয়া দলে তিনজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার ছিল না, যারা এবার আছে। ওয়ার্নার, স্মিথের সঙ্গে লাবুশানের নামও বলতে হবে। এই তিনজনের জন্য এবারের অস্ট্রেলিয়া দল কিন্তু আগের থেকে অনেক ভালো। হঠাৎ সিনিয়র ক্রিকেটাররা না থাকলে যেকোনো দলে একটা শূন্যতা তৈরি হয়। অস্ট্রেলিয়া দলে গতবার ঠিক তাই হয়েছিল।’

ভারতের বোলিং অ্যাকশন নিয়ে শচীন বলেন, ‘তুলনা টানা আমার পছন্দ নয়। তবে এটুকু বলতে পারি, ভারতের এখন পরিপূর্ণ বোলিং আক্রমণ আছে। ফলে যে ধরণের উইকেটেই খেলা হোক না কেন, ভারতীয় দলের বোলিং বিভাগে সব মশলাই মজুত আছে। বল সুইং করাতে পারে, এরকম বোলার আছে। যদি কোনোসময় বোলিংয়ে বৈচিত্র্য আনার দরকার হয়, সেরকম বোলারও আছে। রিস্ট স্পিনার আছে। আমাদের ফিঙ্গার স্পিনারও আছে।’

























