নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ আজ ৯ ডিসেম্বর, শেরপুরের নকলা হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে মরণপণ যুদ্ধ করে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে ১১নং সেক্টরের আওতায় নকলা অঞ্চলকে হানাদার ুক্ত করে বিজয়ের পতাকা উড়ান।
মুক্তিবাহিনীর কোম্পানি কমান্ডার আব্দুল হক চৌধুরীর নেতৃত্বে টু-আইসি আব্দুর রশিদ ও সিকিউরিটি অফিসার একলিম শাহ্সহ ৩ শতাধিক মুক্তিযোদ্ধা নকলাকে হানাদারমুক্ত করতে খন্ড খন্ড সম্মুখ যুদ্ধে অংশ নেন। এসব যুদ্ধে ১৯ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। মুক্তিযোদ্ধাদের হামলায় পাকিস্তানি হানাদার বাহিনী পিছু হটলেও মুক্তিযোদ্ধারা ১৩০ জন রাজাকার-আলবদরকে বন্ধি করেন। পলাশকান্দি গ্রামে হানাদার বাহিনীকে আত্মসমর্পন করতে বাধ্য করেন মুক্তিযোদ্ধারা। পরে কোম্পানি কমান্ডার আব্দুল হক চৌধুরীর কাছে ১১৭ জন রাজাকার ও আলবদর ১১০টি অস্ত্রসহ আত্মসমর্পণ করে। ১৯৭১ সালের ৯ ডিসেম্বর সকাল ১১টায় নকলা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলার মানচিত্র খচিত জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

নকলায় প্রথম পতাকা উত্তোলনের সময় মিত্র বাহিনীর মেজর রানা সিংহ, লেফট্যানেন্ট আবু তাহের, ইপিআর ওয়ারলেস অপারেটর ফরহাদ হোসেন, কোম্পানি কমান্ডার গিয়াস উদ্দিন মাস্টার এবং নকলা, শেরপুর ও নালিতাবাড়ীর প্লাটুন কমান্ডার যথাক্রমে নূরুল ইসলাম হিরু, এবি সিদ্দিক, জমির উদ্দিন; কোয়ার্টার মাস্টার জুলহাস উদ্দিন ফকির, মুক্তিযুদ্ধে গোয়েন্দা বিভাগের সদস্য আবুল হাশেমসহ মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী হাজারো জনতা উপস্থিত ছিলেন।























