স্টাফ রিপোর্টার, নকলা ॥ শেরপুরের নকলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ বসতবাড়ি ভস্মিভূত হয়েছে। ১০ নভেম্বর মঙ্গলবার দুপুরে পৌর শহরের জালালপুর এলাকায় ওই ভয়াবহ অগ্নিকান্ডে সেমিপাকা ও টিনসেডসহ ৭টি বসতবাড়ি সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। ঘটনার পরপরই অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বসতবাড়ি পরিদর্শন করেছেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন ও নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ্।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে সাড়ে ১২টার দিকে শহরের জালালপুর এলাকার বাসিন্দা হাবিবুরের ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে তা গ্যাস সিলিন্ডারের সংস্পর্শে এলে আগুন দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই হাবিব ছাড়াও প্রতিবেশি শামছু, মনির, আমির, ইসলাম, পচা ও শাকিবসহ ওই ৬ জনের বসতবাড়িতে ছড়িয়ে আগুনের লেলিহান শিখা জ্বলতে থাকে। আশপাশের অসংখ্য মানুষ চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়।
খবর পেয়ে শেরপুর জেলা সদর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে গেলেও পথেই বিক্ষুব্ধ জনতা তাদের গাড়ি ভাঙচুর চালায়। ফলে তারা ফেরত যেতে বাধ্য হয়। এমতাবস্থায় ফায়ার সার্ভিসের নালিতাবাড়ী ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্তদের দাবি, এতে প্রায় ত্রিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস নালিতাবাড়ী ইউনিটের প্রধান মীর মোহাম্মদ মারুফ জানান, প্রাথমিকভাবে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আমরা আসার পর প্রায় ৫০ লাখ টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।























