নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে হারুন-অর-রশিদ (৩৫) নামে লম্পট পল্লী চিকিৎসকের হাতে এক কিশোরী গৃহকর্মী (১২) ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষক হারুন কাঁকরকান্দি ইউনিয়নের ঘাইলারা গ্রামের সুরুজ আলীর ছেলে। ওই ঘটনায় পুলিশ ধর্ষণের সাথে জড়িত, আলামত নষ্টের চেষ্টা ও ভিকটিমকে সরিয়ে রাখার দায়ে ৫ জনকে আটক করেছে। ৭ অক্টোবর বুধবার সকাল পর্যন্ত শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএমের নেতৃত্বে নালিতাবাড়ী ও হালুয়াঘাট উপজেলায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধারসহ ৫ জনকে গ্রেফতার করা হয়। ওই ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে ধর্ষক হারুনসহ ৮ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নালিতাবাড়ী উপজেলার গাছগড়া গ্রামের এক হতদরিদ্র দিনমজুরের কিশোরী মেয়ে পেটের দায়ে এক আত্মীয়ের মাধ্যমে হারুন-অর-রশিদের বাড়িতে গৃহকর্মীর কাজ নেয়। ৩ মাস কাজ করার পর একদিন রাতের বেলায় লম্পট হারুন কিশোরীর শোবার ঘরে গিয়ে নানা প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে। এরপর আরও বেশ কয়েকদিন ধর্ষণের ঘটনা ঘটে। পরে স্থানীয় প্রভাবশালীদের মধ্যস্থতায় আড়াই লাখ টাকায় আপোষ-রফা করে এক মাস আগে গৃহকর্মীেেক অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু ঘটনাটি ধীরে ধীরে লোকমুখে প্রচার হলে মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি প্রকাশ হয়। বিষয়টি পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের নজরে এলে তিনি তাৎক্ষণিক অভিযান পরিচালনা করেন। বুধবার সকালে পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলার রণকুঠুরা গ্রামে হারুনের ফুফাতো ভাই জাহিদুল ইসলামের বাড়ি থেকে উদ্ধার করা হয় ধর্ষিতা কিশোরীকে। ওইসময় আশ্রয়দাতা জাহিদুল ও অভিযুক্তের বড় ভাই সাবেক ইউপি সদস্য তাজুল ইসলাম, সিরাজুল ইসলাম ও হাসমত আলীসহ ৫ জনকে গ্রেফতার করা হয়।
শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম বলেন, ওই ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষা ও ২২ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে। ঘটনায় অভিযুক্ত প্রধান আসামী হারুনসহ বাকীদের গ্রেফতারে অভিযান চলছে।
























