স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৭ অক্টোবর বুধবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে জেলার ২১ জনের নমুনা পরীক্ষায় তার করোনা পজেটিভ আসে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হলেন ৪৭৮ জন, যা মোট নমুনা পরীক্ষার ৭.৪ ভাগ। এই সময়ে সুস্থ হয়েছেন ৪৫২ জন, যা মোট শনাক্তের ৯৫.৭ ভাগ। আর ৯ জনের মৃত্যু হয়েছে, যা মোট শনাক্তের ১.৮৮ ভাগ।

জানা যায়, ৫ অক্টোবর মঙ্গলবার শফিকুল ইসলাম জিন্নাহ করোনা পরীক্ষার জন্য তার নমুনা দেন। বুধবার সন্ধ্যায় পরীক্ষার ফলাফলে তার করোনা পজেটিভ আসে।
সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ জানান, এ পর্যন্ত আক্রান্ত ৪৭৮ জনের মধ্যে শেরপুর সদরে ২৩১, নকলায় ৭৮, নালিতাবাড়ীতে ৮৪, ঝিনাইগাতীতে ৩৯ ও শ্রীবরদী উপজেলায় ৪৬ জন রয়েছেন। তাঁদের মধ্যে ১৪ জন চিকিৎসকসহ ৬৭ জন স্বাস্থ্যকর্মী আর ৪০ জন পুলিশ সদস্য রয়েছেন।
তিনি আরও জানান, এ পর্যন্ত জেলা মোট নমুনা সংগ্রহ হয়েছে ৬ হাজার ৪৬৩ জনের। এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ৬ হাজার ৪৪৫ জনের। রিপোর্ট অপেক্ষমাণ রয়েছে ১৮ জনের।
























