একটি ন্যায় বিচারে ৭০ বছর ইবাদতের সওয়াব পাওয়া যায় ॥ সিজেএম হুমায়ুন কবির
স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) এস.এম. হুমায়ুন কবির বলেছেন, একটি ন্যায় বিচারে ৭০ বছর ইবাদতের সওয়াব পাওয়া যায়। তাই নিজ নিজ অবস্থান থেকে সবাইকে ন্যায় বিচার প্রতিষ্ঠায় সচেষ্ট হতে হবে। তিনি বলেন, পুলিশ ও আদালতের কাছে মানুষ আসে সাহায্যের আশায়। এজন্য তারা যাতে কোন হয়রানি ও দুর্ভোগের শিকার না হয় তা নিশ্চিত করতে হবে। তিনি পুলিশ সদস্যদের ‘দুষ্টের দমন ও শিষ্টের পালন’ নিশ্চিত করার আহবান জানান। তিনি ২৩ বৃহস্পতিবার বিকেলে শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্সে সভাপতির বক্তব্যে ওইসব কথা বলেন। কোভিড মহামারির কারণে স্বাস্থ্যবিধি বিবেচনায় ১৫ মাস পর ভার্চুয়াল পদ্ধতিতে ওই কনফারেন্স অনুষ্ঠিত হয়।

কনফারেন্সে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলতান মাহমুদ, প্রথম আলোর জয়েন্ট এডিটর ও সংবিধান বিশেষজ্ঞ মিজানুর রহমান খান, সিভিল সার্জন একেএএম আনোয়ারুর রউফ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারিন ফারজানা, জেলা বারের সভাপতি একেএম মোছাদ্দেক ফেরদৌসী, সাধারণ সম্পাদক এমকে মুরাদুজ্জামান, স্পেশাল পিপি গোলাম কিবরিয়া বুলু, কোর্ট ইন্সপেক্টর কেএম শহিদুল ইসলাম, জেলার ৫ থানার ওসি, ডিবি ও সিআইডি’র পরিদর্শক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম খান।
সিজিএম আরও বলেন, হালাল অল্প আয়েও অনেক বরকত। অসৎ আয়ে বরকত নেই, শান্তি নেই। যারা মিথ্যা মামলা-মোকদ্দমা দায়ের করেন তাদের শাস্তির আওতায় আনতে হবে। পুলিশকে যথাসময়ে আদালতে সাক্ষী উপস্থাপন ও সঠিক তদন্ত রিপোর্ট দাখিল ও ওয়ারেন্ট তামিল করতে হবে। ওইসময় তিনি বিচারক-আইনজীবীদেরকে অধিক আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহবান জানান।
পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম ভার্চুয়াল আদালত পরিচালনায় সিজেএম হুমায়ুন কবিরকে দেশের আইকন উল্লেখ করে বলেন, করোনাকালে ২ হাজার ২৯৪টি মামলা গ্রহণ করে ভার্চুয়াল শুনানী শেষে ২ হাজার ১৯৯টি মামলা নিস্পত্তি করে সিজেএম মহোদয় যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেজন্য তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি।
সাংবাদিক মিজানুর রহমান পুলিশ ও ম্যাজিস্ট্রেসীর ঐতিহাসিক সুসর্ম্পকের কথা আলোকপাত করে বলেন, এদেশে কখনো পুলিশের সাথে বিচার বিভাগের বৈরীতা তৈরি হয়নি। বরং পুলিশের সমস্ত সিক্রেসী ও একাউন্টাবিলিটি একমাত্র বিচারকদের নিকট উন্মোচিত হতে পারে। আর কারো নিকটে নয়।
























