স্টাফ রিপোর্টার, ঝিনাইগাতী : শেরপুরের ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে আহত হওয়া সুফিয়া বেগম (৫০) নামে এক নারীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। ১১ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। শাহবাগ থানা পুলিশ ময়নাতদন্ত শেষে নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করে। সুফিয়া বেগম ঝিনাইগাতী উপজেলার ধানশাইল গ্রামের আব্দুস সালামের স্ত্রী। শনিবার দুপুরে নিহতের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানা যায়, ১২ শতাংশ জমি নিয়ে ওই গ্রামের সহিজল হক ও হাবিবুর রহমানের মধ্যে বিরোধ চলে আসছিল। সহিজল হক ওই জমির ৩ পাশে টিনের বেড়া দিয়ে ও ছোট্ট একটি চালা ঘর নির্মাণ করে কমিটি নিজ দখলে নেয়। গত ২ সেপ্টেম্বর বুধবার সকালে হাবিবুর রহমানের লোকজন রামদাও লাঠিসোটা নিয়ে তর্কিত জমির উপর থেকে ঘর সরিয়ে জমিটি নিজ দখলে নেয়ার চেষ্টা করে। ওইসময় সহিজল হকের লোকেরা বাধা দিতে গেলে দু’গ্রুপের মধ্যে এক সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হয়। আহতদের ঢাকা, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও ঝিনাইগাতী উপজেলাসহ শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনায় উভয় পক্ষ থেকে থানায় দু’টি মামলা দায়ের করা হয়েছে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর ছিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত নারীর হত্যাকান্ডের বিষয়টি মামলা সংযোজন করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।























