স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী যুব ক্রিকেটারদের অনুশীলনের সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি)। প্রতিষ্ঠানের সাবেক ৮ যুব ক্রিকেটার বিকেএসপিতে অনুশীলনের সুযোগ পাচ্ছেন। বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক আকবর আলী, পারভেজ হোসেন ইমন, হাসান মুরাদ ও মাহমুদুল হাসান জয় সাভার বিকেএসপিতে উঠেছেন। ২৯ আগষ্ট শনিবার থেকেই তাদের ফিটনেস ট্রেনিং শুরু হয়েছে। বাকি ৪ ক্রিকেটার রবিবার অনুশীলনে যোগ দিয়েছেন।

বিকেএসপিতে যাওয়ার আগে করোনা পরীক্ষায় নেগেটিভ ফল নিয়ে যেতে হয়েছে ক্রিকেটারদের। আগামী বিশ্বকাপ সামনে রেখে দল নির্বাচনের জন্য সেখানে আবাসিক ক্যাম্প করছে অনূর্ধ্ব-১৯ দলের ৪৫ ক্রিকেটারও। বিশ্বকাপজয়ী দলের বেশিরভাগ সদস্যকে অন্তর্ভুক্ত করে গঠন করা হচ্ছে বিসিবির হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি), যারা সেপ্টেম্বরে শ্রীলংকা সফরে ২টি চারদিনের ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে। এইচপি দলে যুব ক্রিকেটারদের গুরুত্ব দেয়া হচ্ছে। বিসিবিই আকবরদের জন্য বিকেএসপিতে আলাদা অনুশীলনের ব্যবস্থা করেছে। বোর্ডের অনুরোধে ৮ ক্রিকেটারকে প্রস্তুতির সুযোগ করে দিয়েছে বিকেএসপি।

























