স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নালিতাবাড়ীতে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়া উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা আমিনুল ইসলামের (৫৫) করোনা পজেটিভ এসেছে। ২৬ আগস্ট বুধবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে পাঠানো প্রতিবেদনে তার করোনা শনাক্ত হয়। তিনি উপজেলার নন্নী উপস্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি নালিতাবাড়ী শহরের গোবিন্দনগর এলাকায়। মঙ্গলবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে জেলায় করোনায় মারা গেলেন ৮ জন।

সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ জানান, বৃহস্পতিবার রাত পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪১৬ জন। এই সময়ে সুস্থ হয়েছেন ৩৪২ জন। ৪১৫ জনের মধ্যে শেরপুর সদরে ২০৬, নকলায় ৬৪, নালিতাবাড়ীতে ৭৫, ঝিনাইগাতীতে ৩৬ ও শ্রীবরদী উপজেলায় ৩৫ জন রয়েছেন। তিনি আরও জানান, এ পর্যন্ত জেলা মোট নমুনা সংগ্রহ হয়েছে ৫ হাজার ৪৫০ জনের। এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ৫ হাজার ৩৭৩ জনের। রিপোর্ট অপেক্ষমাণ রয়েছে ৭৭ জনের।























