স্টাফ রিপোর্টার, ঝিনাইগাতী ॥ শেরপুরের ঝিনাইগাতীতে পুলিশের হস্তক্ষেপে বখাটেদের হাত থেকে রক্ষা পেয়েছে স্কুলছাত্রী। ২৬ আগস্ট বুধবার বিকেলে উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া পাহাড়ে ওই ঘটনা ঘটে। ওই স্কুলছাত্রী সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের কুমড়ি কামারপাড়া গ্রামের কৃষক পরিবারের কন্যা ও অষ্টম শ্রেণির ছাত্রী।

ওই ছাত্রী জানায়, বুধবার দুপুরে প্রাইভেট শেষে ইজিবাইকে করে বন্ধুকে নিয়ে গজনী অবকাশ বিনোদন কেন্দ্রে ঘুরতে উদ্দেশ্যে আসে। গজনী অবকাশ কেন্দ্রের অদূরে বাকাকুড়া এলাকার বনের মাঝে এলে কতিপয় বখাটে ইজিবাইকের পথরোধ করে বন্ধুকে মারধর করে। ওইসময় ওই স্কুলছাত্রীর বন্ধু পালিয়ে প্রাণে রক্ষা পায়। পরে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক খবর পেয়ে গজনী অবকাশ কেন্দ্রের টহলরত পুলিশকে ঘটনাটি অবহিত করলে থানার এসআই সায়েদুল ইসলাম সঙ্গী ও ফোর্সসহ তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে বখাটেদের হাত থেকে ওই স্কুলছাত্রীকে রক্ষা করে। পরে ওই স্কুলছাত্রীর অভিভাবককে ডেকে এনে স্কুলছাত্রীকে তুলে দেওয়া হয়।























