শ্যামলবাংলা ডেস্ক : আসন্ন শ্রীলংকা সফরে বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করবেন ক্রেইগ ম্যাকমিলান। নিউজিল্যান্ডের সাবেক এ তারকা ব্যাটসম্যানের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২০১৮ সাল থেকে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন নিল ম্যাকেঞ্জি। দক্ষিণ আফ্রিকান সাবেক এ তারকা ক্রিকেটার সম্প্রতি পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেন। ম্যাকেঞ্জি চলে যাওয়ার পর থেকেই গুঞ্জন ওঠে কে হচ্ছেন সাকিব-তামিমদের নতুন ব্যাটিং কোচ। মাত্র কয়েক দিনের ব্যবধানে নতুন ব্যাটিং কোচ নিয়োগ দিল বিসিবি।

আগামী মাসের শেষ দিকে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে শ্রীলংকা সফরে যাবে বাংলাদেশ দল। সফরে তিনটি টেস্ট ম্যাচ খেলবে সাকিব-তামিমরা। তবে সফরে টেস্টের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে চেয়েছিল বাংলাদেশ দল। মহামারী করোনাভাইরাসের মধ্যে লম্বা সময় ধরে ক্রিকেটারদের ব্যস্ত রাখার পক্ষে নয় লংকান ক্রিকেট বোর্ড। তাই বিসিবির আগ্রহে সাড়া দেয়নি শ্রীলংকা।

























