স্টাফ রিপোর্টার : শেরপুরে পৃথক ঘটনায় একদিনে পাঁচ শিশুসহ ৭ জনের মৃত্যু হয়েছে। ৪ আগস্ট মঙ্গলবার জেলার বিভিন্ন উপজেলায় ওইসব ঘটনা ঘটে। এর মধ্যে পানিতে ডুবে তিন শিশু, বজ্রপাতে এক শিশু ও এক কৃষক, সড়ক দুর্ঘটনায় এক শিশু এবং এক ফাঁসিতে ঝুলে এক কৃষকের মৃত্যু হয়েছে।

জানা যায়, মঙ্গলবার দুপুরে শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের চাংপাড়া গ্রামে বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে মুসাফির (৭) নামে এক শিশুর মৃত্যু হয়। মৃত শিশু মুসাফির স্থানীয় মনির হোসেনের ছেলে। এদিকে মঙ্গলবার সকালে নিখোঁজের ১২ ঘন্টা পর নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের পিপুলেশ্বর গ্রামের একটি খাল থেকে সুরাইয়া নামে ১০ মাস বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা হয়। এর আগে সোমবার রাতে শিশু সুমাইয়াকে কোলে নিয়ে তার মা নিজ বাড়ি থেকে অন্য বাড়ি যাবার পথে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তার অংশে থাকা পানির স্রোত অতিক্রম করার সময় স্রোতের টানে উভয়েই ভেসে যায়। এছাড়া সদর উপজেলার কুমরী গ্রামে পানিতে ডুবে মারা যায় মমিন মিয়া নামে ৭ বছর বয়সী এক শিশু।
মঙ্গলবার দুপুরে শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের নলবাইদ গ্রামে খালে মাছ ধরতে গিয়ে বৃষ্টির সময় আকস্মিক বজ্রপাতে আব্দুল মুন্নাফ (৩২) নামে এক কৃষকের মৃত্যু হয়। নিহত আব্দুল মুন্নাফ স্থানীয় মৃত মোকছেদ আলীর ছেলে ও ২ সন্তানের জনক। অার ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের জোলগাঁও গ্রামে বজ্রপাতে শিমু পারভীন (৯) নামে তৃতীয় শ্রেণিপড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়। শিমু স্থানীয় দিনমজুর ওয়াহাব আলীর কন্যা ও ফরিদ মামুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
অন্যদিকে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে নালিতাবাড়ী উপজেলার নয়াবিল বাজার এলাকার নালিতাবাড়ী-নাকুগাও মহাসড়কে ব্যাটারিচালিত ইজিবাইকের চাপায় মিনহাজ (৬) নামে এক শিশু নিহত হয়। নিহত মিনহাজ রামচন্দ্রকুড়া ইউনিয়নের ফুলপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
জানা যায়, শিশু মিনহাজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নয়াবিল বাজারে নালিতাবাড়ী-নাকুগাঁও মহাসড়ক পার হচ্ছিল। ওইসময় চারআলী বাজার থেকে নালিতাবাড়ীগামী একটি ব্যাটারিচালিত ইজিবাইক রং সাইডে গিয়ে মিনহাজকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় সে। অন্যদিকে একইদিন দুপুরে ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের ভবানিখিলা গ্রামে ঘরের ধর্নার সাথে ফাঁসিতে ঝুলে হাসেন আলী মন্ডল (৪২) নামে এক কৃষক আত্মহত্যা করেছে। হাসেন আলী স্থানীয় গফুর কবিরাজের পুত্র। খবর পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাসেন আলীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে আত্মহত্যার বিষয়ে এখনও কোন তথ্য উদঘাটন করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের পরই আত্মহত্যার কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
























