স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পিপি (পাবলিক প্রসিকিউটর) এডভোকেট আব্দুল মজিদ বাদল (৬০) আর নেই (ইন্নালিল্লাহে…….রাজেউন)। ২৯ জুলাই বুধবার রাত পৌণে ৮টার দিকে জেলা সদর হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। আগামীকাল বৃহস্পতিবার বেলা সোয়া ২টায় শহরের সজবরখিলাস্থ জুয়েল মন্ডলের ধানের খোলায় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

জানা যায়, এডভোকেট আব্দুল মজিদ বাদল দীর্ঘদিন যাবত ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন। কয়েক বছর আগে স্ত্রী মারা যাওয়ার পর থেকে তিনি মানসিকভাবেও ছিলেন বিপর্যস্ত। বুধবার সন্ধ্যা ৭টার দিকে শহরের সজবরখিলাস্থ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ বাসায় নিয়ে যাওয়া হয়েছে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে পরিবার-সহকর্মীসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাকে একনজর দেখার জন্য বাসায় ছুটে গেছেন জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি মাহমুদুল হক রুবেল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল চৌধুরীসহ দলীয় নেতা-কর্মী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীবসহ অন্যান্য আইনজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
























