স্টাফ রিপোর্টার ॥ করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল হতে অনুদান পেয়েছেন শেরপুর জেলার ১৬ সাংবাদিক। ২৮ জুলাই মঙ্গলবার বিকেলে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে তালিকাভুক্ত সাংবাদিকদের হাতে অনুদানের চেক তুলে দেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন।
প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমানের সভাপতিত্বে চেক প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাংবাদিক হাকিম বাবুল প্রমুখ। অনুষ্ঠানে জেলার ১৬ জন পেশাদার সাংবাদিকের প্রত্যেককে ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সহায়তায় প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল হতে সারাদেশে প্রথম দফায় ৫ হাজার সাংবাদিকের প্রত্যেককে ১০ হাজার টাকা করে প্রদান করা হয়। পর্যায়ক্রমে জেলা ও উপজেলা পর্যায়ে প্রধানমন্ত্রীর ওই অনুদান অব্যাহত থাকবে বলে জানান বিএফইউজে সভাপতি মোল্লা জালাল উদ্দিন। এর আগে গত ঈদুল ফিতরের আগ মুহূর্তে করোনা পরিস্থিতিতে কর্মহীন, চাকুরিচ্যুত, অসুস্থ্য, দুঃস্থ্য ও মৃত সাংবাদিকদেরও প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল হতে অনুদান প্রদান করা হয়।
শেরপুরে প্রণোদনা পেলেন যারা : শরিফুর রহমান, মেরাজ উদ্দিন, জিএম আজফার বাবুল, সঞ্জীব চন্দ বিল্টু, দেবাশীষ সাহা রায়, আবুল হাশিম, আদিল মাহমুদ উজ্জল, আব্দুর রফিক মজিদ, শাহরিয়ার মিল্টন, হাকিম বাবুল, মাসুদ হাসান বাদল, বিপ্লব দে কেটু, জিএইচ হান্নান, মহিউদ্দিন সোহেল, ইমরান হাসান রাব্বি ও শাকিল মুরাদ।
























