নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় বিলে মাছ ধরতে গিয়ে সাপের ছোবলে আহত হওয়া জামাল মিয়া (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ২৫ জুলাই শনিবার ভোরে ময়ময়নসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জামাল উপজেলার বানের্শ্বদী ইউনিয়নের বাউসা গ্রামের হুরমুজ আলীর পুত্র।
জানা যায়, গত ২১ জুলাই মঙ্গলবার রাতে জামাল মিয়া ও আব্দুস সোবাহান ভূষি বাউসা বিলে বন্যার পানিতে কারেন্ট জাল নিয়ে মাছ ধরতে গেলে সোবাহান ও জামালকে বিষধর সাপে কামড় দেয়। পরে তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন গিয়ে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক আব্দুস সোবাহানকে মৃত ঘোষণা করেন। আর জামাল মিয়া গুরুতর অবস্থায় একই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে ৪দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার ভোর ৬টার দিকে জামাল মিয়াও মারা যান।























