স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের ঝিনাইগাতীতে আলমাছ মিয়া (১৬) নামে এক স্কুলছাত্রকে চুরির অপবাদে পিঠমোড়া করে বেধে নির্যাতন ও সাজানো মামলায় হাজতে পাঠানোর অভিযোগ উঠেছে সীমান্তের বহুল আলোচিত আব্দুল বাতেনের বিরুদ্ধে। ঝিনাইগাতী সীমান্তের পাহাড়ি এলাকার ওই ঘটনায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। নির্যাতিত কিশোর নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী সমশ্চুড়া গ্রামের কৃষক আইয়ুব আলীর পুত্র এবং স্থানীয় হাইস্কুল থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এক বিষয়ে অকৃতকার্য। আর অভিযুক্ত বাতেন ঝিনাইগাতী উপজেলার নলকূড়া ইউনিয়নের মফিজ উদ্দিনের ছেলে এবং বিচার বিভাগের চতুর্থ শ্রেণির কর্মচারী (গাড়িচালক)। ওই ঘটনায় আলমাছের এলাকায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ সকল মহলে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। ন্যায় বিচার চেয়ে পুলিশ সুপার বরাবর আবেদন করেছেন নির্যাতনের শিকার স্কুলছাত্রের বাবা। অভিযোগের ভিত্তিতে পুলিশ সুপার আশরাফুল আজীমের নির্দেশে বৃহস্পতিবার সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকতা আবু বক্কর সিদ্দিক, ওসি (তদন্ত) সরোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা যায়, ২২ জুলাই বুধবার সকালে ঝিনাইগাতী সীমান্তের হলদিগ্রাম সকালবাজারে ঠেলাগাড়িযোগে নিজেদের উৎপাদিত কাকরোল ও জালিকুমড়া বিক্রি করে বাড়ি ফিরছিল স্কুলছাত্র আলমাছ। কিন্তু গাড়িচালক আব্দুল বাতেনের ভাই মোস্তাফিজুর রহমান বাদলের দোকানের সম্মুখ দিয়ে বাড়ি ফেরার প্রাক্কালে জমি নিয়ে বিরোধের জের ধরে আলমাছকে ধাওয়া করে বাতেন ও বাদলসহ তাদের লোকজন। ওই অবস্থায় তারা প্যান্ট, শার্ট ও জুতা পরিহিত আলমাছকে জোরপূর্বক ধরে বেধড়ক পিটায় এবং এক পর্যায়ে বাদলের দোকানে নিয়ে বেঁধে রাখে। আর ঘটনা জানাজানি হওয়ার সাথে সাথেই থানা পুলিশ পৌঁছলে দোকান থেকে চুরির অপবাদ দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়। পরে বাতেনের তদবিরে সাজানো মামলায় সেদিনই সন্ধ্যায় তাকে পাঠানো হয় কারাগারে।
হলদীগ্রাম চৌরাস্তা বাজারের ইজারাদার আব্দুস সালাম ও স্থানীয়রা অভিযোগ করেন, নিজেদের উৎপাদিত সবজি বিক্রি করে বাড়ি ফেরার পথে স্কুলছাত্র আলমাছকে আটকিয়ে নির্যাতন এবং পরে মিথ্যে মামলায় তাকে হাজতে পাঠানো হয়েছে। জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এলাকায় দুর্দান্ত প্রতাপশালী বাতেনের নেতৃত্বেই ওই ঘটনা ঘটেছে। তাদের অভিযোগ, বাতেন এলাকায় এক ত্রাসের রাজত্ব কায়েম করেছে। গড়ে তুলেছেন বাতেন বাহিনী। তার বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও রহস্যজনক কারণে তার সাথে কেউ পেরে উঠেনি। এলাকার নিরীহ মানুষ তার ভয়ে তটস্থ থাকে। মামলা করে ও মামলার ভয় দেখিয়ে মানুষজনকে দমিয়ে রাখে বাতেন। এজন্য এলাকার অনেকেই পাহাড়ের রাজা বলেও অভিহিত করেন তাকে। সরকারের বন বিভাগের লোকজনকে ভয় দেখিয়ে সরকারি জায়গা দখল করে গড়ে তুলেছেন বিশাল কয়েকটি ফল ও সবজির বাগান। বন বিভাগ বাতেনের বিরুদ্ধে মামলা করলেও বহাল তবিয়তে এখনও চলছে বনের জায়গা দখল।
আলমাছের এলাকার স্থানীয় ইউপি মেম্বার নবী হোসেন জানান, আলমাছের পরিবারটি এলাকায় সবজি চাষ করে নিরীহ জীবন-যাপন করে। ওই কিশোর চুরি করতে পারে এটা অবিশ্বাস্য। বাতেনের বাগানের পাশে আলমাছের পরিবারের জমি আছে। ওই জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে ক্ষমতার জোরেই ছেলেটির সাথে এমন করা হয়েছে। আর স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ মিয়া জানান, আলমাছদের পরিবার এলাকায় সুনামের সাথে বসবাস করে আসছে। অভিযুক্ত বাতেন একজন ভূমি দস্যু। নিজের চাকরিস্থলকে পুঁজি করে এলাকার হেন কোন কাজ নেই বাতেন করছে না। বিষয়টি নিয়ে তার কর্তৃপক্ষসহ প্রশাসনের কাছে স্থানীয় বিক্ষুব্ধ লোকজন যাবে বলে চেয়ারম্যান জানিয়েছে।
আব্দুল বাতেনের দাবি, তার বিরুদ্ধে অভিযোগগুলো বানোয়াট ও মিথ্যা। ঘটনার দিন আলমাছ আমার ভাইয়ের দোকানের ক্যাশ থেকে টাকা নিয়ে দৌড় দেয়। বাজারে থাকা লোকজন ধরে পুলিশে দিয়েছে-এটুকুই জানি। ঘটনার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানান, বাদী ও তার লোকজন আলমাছকে থানায় নিয়ে চুরির মামলা দিয়েছে। পুলিশ আইনগত ব্যবস্থা নিয়েছে। বাতেন নামে কাউকে চিনেন না বলেও জানান তিনি।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম জানান, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। সত্য মিথ্যা তদন্তে বের হবে।
























