নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলায় ২০১৯-২০২০ উৎপাদন মৌসুমে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)’র সংগৃহীত বীজ আলুর মূল্য পরিশোধ বাবদ ১৯ টি ব্লকের চুক্তিভিত্তিক চেক বিতরণ শেষ হয়েছে। ২২ জুলাই বুধবার দুপুরে নকলা বিএডিসি হিমাগারের উপ-পরিচালকের অফিস কক্ষে স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে দ্বিতীয় ধাপের এক কোটি ৮৭ লাখ ৩ হাজার ৮৭০ টাকার চেক বিএডিসি’র চুক্তিভিত্তিক আলু চাষীদের হাতে তুলে দেওয়া হয়। দুই ধাপে ৬০ জন আলু চাষীর মাঝে মোট ৩ কোটি ২২ লাখ ৩ হাজার ৯৫০ টাকার চেক বিতরণ করা হয়।
চেক বিতরণকালে বিএডিসি নকলা হিমাগারের উপ-পরিচালক (টিসি) কৃষিবিদ মো. রফিকুল ইসলাম, উপ-সহকারী পরিচালক মো. মিজানুর রহমানসহ বিএডিসি নকলা হিমাগারের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, বানেশ্বরদী খন্দকার পাড়া গ্রামের আলু চাষি আলহাজ্ব মো. ছাইদুল হক, মো. কামাল হোসেন, মো. আনার মিয়াসহ উপজেলার বিভিন্ন ব্লকের চুক্তিভিত্তিক আলু চাষীরা উপস্থিত ছিলেন।

বিএডিসি সূত্রে জানা যায়, ২০১৯-২০২০ উৎপাদন মৌসুমে উপজেলায় বিএডিসি চুক্তিভিত্তিক চাষিদের মাধ্যমে ২৭০ একর জমিতে ডায়মন্ড, এস্টারিক্স ও কার্ডিনাল জাতের ১৪৪০.৩০০ মেট্রিকটন আলু উৎপাদন করা হয়। উৎপাদিত ‘এ’ গ্রেডের বীজ আলু প্রতি কেজি ২৩ টাকা করে এবং ‘বি’ গ্রেডের বীজ আলু প্রতি কেজি ২২ করে ক্রয় করে চাষিদের কাছ থেকে কিনে নেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃপক্ষ। আর এ ক্রয়কৃত আলুর সমুদয় টাকা কৃষকদের মাঝে দুই ধাপে পরিশোধ করা হয়েছে। বুধবার দুপুরে দ্বিতীয় ধাপের চেক বিতরণ শেষে ২০২০-২০২১ উৎপাদন মৌসুমে বীজ আলু উৎপাদন, ব্লক ও চাষি নির্বাচন, বীজ আলু লাগানোর পূর্বে মাটি শোধনের জন্য স্টেবল ব্লিচিং পাউডার ব্যবহার সম্পর্কে ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে চাষিদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।
অভিজ্ঞ চাষী আলহাজ্ব মো. ছাইদুল হকসহ বেশ কয়েকজন চুক্তিভিত্তিক আলু চাষী জানান, আবহাওয়া আলু চাষের অনুকূলে থাকায় এবং বিএডিসি হিমাগারের কর্মকর্তাগন নিয়মিত মাঠ পরিদর্শন করায় ও তাদেরকে সঠিক সময়ে প্রয়োজনীয় পরামর্শ সেবা দেওয়ায় ফলন ভালো হয়েছিল। তাছাড়া এ বছর বীজ আলুর ভালো দাম পাওয়ায় আলু চাষে কৃষকরা অধিক লাভবান হয়েছেন।
বিএডিসি হিমাগারের উপপরিচালক (টিসি) কৃষিবিদ মো. রফিকুল ইসলাম জানান, নকলায় ১৯টি ব্লকে আলু চাষ বৃদ্ধি ও কৃষকদের অধিকতর অভিজ্ঞাতা সম্পন্ন করে গড়ে তুলতে এরই মধ্যে উপজেলার চুক্তিভিত্তিক ৩০ জন কৃষককে ২দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়েছ। প্রশিক্ষণার্থীদের মাঝে সরকার কর্তৃক প্রাপ্য প্রশিক্ষণ সরঞ্জামাদী ও প্রশিক্ষণ ভাতা প্রদানসহ বিশেষ প্রশিক্ষণ ম্যানুয়াল প্রশিক্ষাণার্থী আলু চাষীদের হাতে তুলে দেওয়া হয়েছে।

























