স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের ঝিনাইগাতীর সেই বহুল আলোচিত মহিলা আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ খলিলুর রহমানের বিরুদ্ধে এবার মামলা দায়ের করেছেন বসতভিটা থেকে উচ্ছেদ ও নির্যাতনের শিকার অসহায় বিধবা নারীর পরিবার। ২০ জুলাই সোমবার দুপুরে শেরপুরের সিআর আমলী আদালতে ওই বিধবার ছেলে সোহেল মিয়া বাদী হয়ে অধ্যক্ষ খলিলুর রহমান (৪৮), তার স্ত্রী মাহমুদা খাতুন (৪০) ও আতœীয় মোখলেছুর রহমান (৩৮) কে স্বনামে এবং অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে ওই মামলা দায়ের করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারিন ফারজানা তা আমলে নিয়ে ঘটনার বিষয়ে তদন্তপূর্বক আগামী ৬ আগষ্টের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআই’র জামালপুর অঞ্চলের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
মামলার বিবরণে প্রকাশ, ঝিনাইগাতী উপজেলার তামাগাও এলাকার মৃত হায়দার আলীর স্ত্রী ছবিরন বেগম (৫০) নিজ এলাকায় এলাকায় ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রি কলেজ প্রতিষ্ঠার পূর্ব থেকে ১০ শতাংশ জমি ক্রয় করে ওই জমিতে দু’টি ঘর নির্মাণ করে দরিদ্র অসুস্থ স্বামী ও ৩ নাবালক পুত্র সন্তানসহ বসবাস করে আসছিলেন। কিন্তু ওই জমির প্রতি হঠাৎ লোভ জাগে কলেজ অধ্যক্ষ খলিলুর রহমানের। তিনি জমিটি ক্রয় করার জন্য প্রস্তাব দিলে ছবিরন নেছা তা বিক্রি করতে অস্বীকৃতি জানান। এরপর তার কনিষ্ঠ পুত্র শরাফত আলীকে কলেজের অফিস সহকারী পদে চাকরি দেওয়ার প্রলোভনে নগদ ১ লক্ষ টাকা গ্রহণ করেও তাকে চাকরি না দিয়ে টালবাহানা শুরু করেন। এক পর্যায়ে ছবিরন বেগমের অসহায় পরিবারকে বসতভিটা থেকে উচ্ছেদ করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত হন অধ্যক্ষ খলিলুর রহমান। ইতোমধ্যে ছবিরন বেগমের স্বামী হায়দার আলী মারা গেলে পরিবারটি আরও অসহায় হয়ে পড়ে। ওই অবস্থায় ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারি সকালে ছবিরন বেগমকে বাড়িতে একা পেয়ে অধ্যক্ষ খলিলুর রহমান, তার স্ত্রী মাহমুদা খাতুন সিদ্দিকা ও আতœীয় মোখলেছুর রহমানসহ কলেজের কতিপয় কর্মচারী ও শিক্ষার্থীদের ফুসলিয়ে নিয়ে ছবিরনের পরিবারকে বসতবাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা করে। ওই অবস্থায় ছবিরন ডাক-চিৎকার দিয়ে তাদের বাধা হয়ে দাঁড়ালে অধ্যক্ষ খলিলুর রহমানের নির্দেশে ছবিরনকে তারই বসতবাড়ির একটি কাঠাল গাছে বেধে ফেলা হয়। সেইসাথে চালানো হয় তার প্রতি শারীরিক নির্যাতন। খবর পেয়ে ছবিরনের মেজো ছেলে সোহেল মিয়া বাড়িতে ছুটে গেলে থানা পুলিশে খবর দিয়ে ছবিরন ও তার ছেলে সোহেলকে আটক করা হয় এবং পরদিন ছবিরন ও তার ছেলে সোহেলসহ ৬ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে পাঠায়। অন্যদিকে মা-পুত্রকে হাজতে পাঠানোসহ পরিবার-স্বজনদের বিরুদ্ধে মামলা থাকায় তারাও পালিয়ে থাকার সুবাদে অধ্যক্ষ খলিল ও তার লোকজন ছবিরনের বসতবাড়ির দু’টি ঘরের মালামাল লুটপাট করে অন্যান্য সবকিছু গুড়িয়ে দেয়। কেবল তাই নয়, ওই মামলার সুবাদে অধ্যক্ষ খলিল ও তার লোকজন কয়েকদিনের মধ্যেই ছবিরনের বসতবাড়ি নিশ্চিহ্ন করে দিয়ে বসতভিটার জায়গাটুকুতে কলেজের সীমানা প্রাচীর নির্মাণ করে খোদ জমিটুকুও আতœসাৎ করে।
এদিকে মিথ্যা মামলায় দীর্ঘ ১৪ দিন হাজতবাসের পর ছবিরন ও তার এক ছেলে এবং পরবর্তীতে অন্যান্য আসামিরা আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিন পেয়ে নিজেদের বসতভিটা ঘরবাড়ির চিহ্নও খুঁজে না পেয়ে হতাশ হয়ে পড়েন। এরপর তারা উপজেলা প্রশাসন, থানা পুলিশসহ জনপ্রতিনিধি আর সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরেন বিচারের আশায়। কিন্তু প্রভাবশালীর শেল্টারে থাকা দুর্নীতিপরায়ণ অমানবিক অধ্যক্ষের বিরুদ্ধে ওইসময় কেউ মুখ খুলেননি।
এ বিষয়ে মামলার বাদী সোহেল মিয়া (২৫) বলেন, অধ্যক্ষ খলিলের দুর্নীতির বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ার সুবাদে আমার মায়ের দেওয়া অভিযোগের বিষয়েও ইউএনও মহোদয় আমাদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন। এখন পরিবেশ ফিরে পাওয়ায় বিচারের আশায় অধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা করেছি। আর নির্যাতনের শিকার ছবিরন বেগম আবেগতাড়িত হয়ে বলেন, আমাকে গাছে বেধে নির্যাতনসহ মিথ্যা মামলায় হাজতে ঢুকিয়ে অধ্যক্ষ খলিল বসতভিটাসহ জায়গা জমি দখল করে নিলেও আমি দ্বারে দ্বারে ঘুরে কারও কাছেই বিচার পাইনি। টাকা নিয়ে ছেলের চাকরি দেয়নি। বসতবাড়ির ঘর-বাড়ী গাছপালা সহ সব লুটে নিয়ে জমিটুকুও আতœসাৎ করেছে। এতদিনে তার দুর্নীতির অভিযোগ ওঠায় এবং জেলা প্রশাসকের নির্দেশে তদন্ত শুরু হওয়ায় আমি বুকে বড় আশা নিয়ে বিচারের আশায় ছেলেকে দিয়ে মামলা দিয়েছি। আমি তার বিচার চাই। অন্যদিকে অধ্যক্ষ খলিলুর রহমানের সাথে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এদিকে জামায়াত সমর্থক দুর্নীতিপরায়ণ ওই অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম পরিচালিত হওয়ার সুবাদে ক্ষতিগ্রস্ত লোকজনসহ অনেকেই তার বিষয়ে মুখ খোলার পাশাপাশি ফুঁসে ওঠায় হঠাৎ চুপসে গেছেন তিনি। এছাড়া তার অনিয়ম-দুর্নীতির বিষয়টিই এখন ঝিনাইগাতীতে ব্যাপক আলোচিত হচ্ছে। সেইসাথে সচেতন মহলের অনেকেই আশা করছেন সীমাহীন অনিয়ম-দুর্নীতির পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানের সভায় প্রকাশ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবমাননাকারী সেই অধ্যক্ষের খুটির জোরও এবার নড়বড়ে হয়ে পড়েছে। আর এজন্য শাস্তিসহ বিচারের মুখোমুখি হতে হবে তাকে।
উল্লেখ্য, সীমাহীন অনিয়ম-দুর্নীতি, জাল-জালিয়াতি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগে অধ্যক্ষ খলিলুর রহমানের বিরুদ্ধে এমপিওবঞ্চিত ২ নিয়মিত প্রভাষকের লিখিত অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসক আনার কলি মাহবুবের নির্দেশনায় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ তদন্ত কার্যক্রম শুরু করেছেন। তারই আওতায় গত ৯ জুলাই তদন্ত কর্মকর্তা কলেজ মিলনায়তনে অভিযোগকারীসহ গভর্নিং বডির বর্তমান ও সাবেক সভাপতিসহ কর্মকর্তা এবং শিক্ষক-কর্মচারীসহ স্থানীয় সচেতন মহলের বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেন।
























